আলট্রাতে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি
চ্যানেল টেন ডেস্কঃ
নওগাঁর বদলগাছী উপজেলার শান্তনা ও শান্ত ইসলাম দম্পত্তি স্বপ্ন দেখেছিল যমজ শিশুর মুখ দেখার। কিন্তু তাদের সেই স্বপ্ন এখন ধোঁয়াশায় পরিণত হয়েছে। গৃহবধু শান্তনাকে পরপর দুই বার জানানো হয়েছিল তার গর্ভে যমজ সন্তান। কিন্তু সিজারের পর ধরিয়ে দেওয়া হয়েছে ভূমিষ্ঠ হওয়া মেয়ে শিশুকে। একটি সন্তানের কথা শুনে তাদের চোখ কপালে। কোনোভাবেই মানতে নারাজ তারা।
বৃহস্পতিবার (৫নভেম্বর) বিকেল ৫টার দিকে এমনই ঘটনা ঘটেছে নওগাঁ শহরের বলাকা নামক বেসরকারি ক্লিনিকে। শুরু হয়ে যায় হট্টগোল, দেনদরবার ও সমঝোতা করার চেষ্টা।
এদিকে খবর পেয়ে সেখানে জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অপরদিকে সঠিক বিচার চেয়ে নওগাঁ সদর থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধুর স্বামী শান্ত ইসলাম। তাঁর দাবি, অপর নবজাতকের সন্ধান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
জানা যায়, এদিন সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপর নবজাতকের কী হয়েছে, তার কোনো সদুত্তর পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শান্তনার স্বামী শান্ত ইসলাম। তাঁর দাবি, অস্ত্রোপচারের আগে দুটি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনেই যমজ জীবিত সন্তানের কথা নিশ্চিত করা হয়েছিল। অথচ অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশুকে দেখানো হলেও অপর সন্তানটির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় বলাকা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
শান্ত ইসলাম অভিযোগ করে বলেন, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর গত ১২ ও ২১ অক্টোবর পৃথক দুটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার প্রতিবেদনেই স্ত্রীর গর্ভে যমজ জীবিত সন্তান থাকার কথা বলা হয়েছিল। প্রথমে জয়পুরহাট জেলার একটি ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট করালে সেখানে দুটি জীবিত ভ্রূণের উপস্থিতির কথা বলা হয়। এরপর পুনরায় গত ২১ অক্টোবর নওগাঁ শহরের রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনেও দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। এমনকি ডাক্তার দিনা আলট্রা করার পর আমাদেরকে বলে আপনাদের যমজ সন্তান হবে। এই কারণে মিস্টি খাওয়ার জন্য ৫০০ টাকা চান তিনি।
শান্ত ইসলাম আরও জানান, চিকিৎসক ডা. মাহফুজা খাতুন বলেন যেহেতু যমজ বাচ্চা, কাজেই সিজার করতে হবে, নরমালে করা যাবে না। এবং তার পরামর্শে আমার স্ত্রীকে বৃহস্পতিবার বিকেলে নওগাঁর বলাকা ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে ওই চিকিৎসকের অধীনে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী। কিন্তু অস্ত্রোপচারের পর পরিবারের কাছে একটি নবজাতক হস্তান্তর করা হলেও অপর সন্তানটির বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

No comments