বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই ইউপি সদস্যের
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দরগাহাট-নামুজা সড়কের পাইকড় পাঞ্জুয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। তাঁদের দুজনেরই বয়স ৭০ বছর।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুই ইউপি সদস্য মোটরসাইকেলে করে পাইকড় থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। পথে বেলা পৌনে ১১টার দিকে পাঞ্জুয়ারপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments