নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ
চ্যানেল টেন ডেস্ক :
রাজধানীর কাফরুলে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িটিতে হামলা চালায়। এ সময় তারা নিচতলার গ্যারেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বাড়ির কেয়ারটেকারের কক্ষেও ভাঙচুর চালানো হয়।
পরে স্থানীয় লোকজনের চেষ্টায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

No comments