‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না’: নাসীরুদ্দীন পাটওয়ারী
চ্যানেল টেন ডেস্ক :
‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, বাংলাদেশে জাতীয় ঐক্য হতে হলে তা জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গে অব্যাহত থাকবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি নিউমার্কেট এলাকা থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন।

No comments