শিরোনাম

আধুনিক প্রশিক্ষণ ও পেশাদারিত্বে জোর দিলেন বিমান বাহিনী প্রধান


চ্যানেল টেন ডেস্কঃ

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় বাংলাদেশ বিমান বাহিনী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। তিনি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।

একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আগামী দিনে বিমান বাহিনীর প্রত্যেক সদস্য দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান।

বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তারা এবং বিমান সদর দপ্তরের পরিচালকরা সরাসরি সম্মেলনে অংশ নেন। এ ছাড়া ঢাকার বাইরে কর্মরত সংশ্লিষ্ট এয়ার অফিসাররা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।


No comments