মুন্সীগঞ্জে চুরির অভিযোগে আটক পল্লী বিদ্যুতের লাইনম্যানকে ছেড়ে দিল পুলিশ
চ্যানেল টেন ডেস্কঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পল্লী বিদ্যুতের সরঞ্জাম চুরির অভিযোগে আটক এক লাইনম্যানকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে। আটক ওই ব্যক্তির নাম মো. শাহারিয়ার। তিনি মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টঙ্গিবাড়ী জোনাল অফিসের লাইনম্যান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে টঙ্গিবাড়ী থানা-পুলিশ জানায়, পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম চুরির সন্দেহে একজনকে আটক করা হয়েছিল। পরে পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি ওই অফিসের কর্মচারী এবং অফিসের মালামালই তিনি নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গিবাড়ী বাজারসংলগ্ন কাঁচামালের আড়তের সামনে একটি অটোরিকশা (মিশুক) থেকে পল্লী বিদ্যুতের বিভিন্ন সরঞ্জামসহ শাহারিয়ারকে আটক করেন টঙ্গিবাড়ী থানার দুই পুলিশ সদস্য। পরে তাঁর হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় চুরির মালামালসহ তাঁকে দেখতে পান পথচারীরা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির টঙ্গিবাড়ী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, শাহারিয়ার নামের একজন লাইনম্যান কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছিলেন। তবে কী উদ্দেশ্যে তিনি সেগুলো নিয়ে যাচ্ছিলেন, তা তাঁর জানা নেই।
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদ বলেন, শাহারিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দাপ্তরিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছিল। পরে পল্লী বিদ্যুতের একজন প্রকৌশলী এসে তাঁকে নিজেদের লোক পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

No comments