শিরোনাম

ধুনুটে বিএনপির দুই কার্যালয়ের সামনে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ


বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার একদিন পর এবার উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে চৌকিবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে বিকট শব্দ শুনতে পান স্থানীয় লোকজন। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কে পলিথিনে মোড়ানো একটি বস্তু ও বিস্ফোরণের আলামত দেখতে পান।

এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অন্যদিকে, একই রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের যুগিগাঁতি চারমাথা বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীদের দাবি, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের উদ্দেশ্যে দুর্বৃত্তরা পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

No comments