‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, নাটোরে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় তিনটি মাইক্রোবাসে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে অন্তত ৩০ জন মুখোশধারী ব্যক্তি দত্তপাড়া এলাকায় আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার পাশাপাশি শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় লোকজন এগিয়ে এলে মুখোশধারীরা মাইক্রোবাস নিয়ে ঢাকার দিকে চলে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইফতে খায়ের আলম জানান, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনার সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা মুখোশ পরিহিত থাকায় তাদের শনাক্ত করতে কিছুটা সময় লাগছে। তবে ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, ঘটনার প্রতিবাদে রাতেই দত্তপাড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তাদের প্রকাশ্যে আসার চ্যালেঞ্জ জানান। বিএনপি নেতাকর্মীদের সামনে পড়লে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। আটক ব্যক্তির পরিচয় এবং ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

No comments