শিরোনাম

‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমীনের মুক্তি চাইল আল-হাইআতুল উলয়া


চ্যানেল টেন ডেস্ক :

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। তাঁর গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এ দাবি জানানো হয়।

সংস্থাটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার সদস্য ও বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীনকে গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুফতি রুহুল আমীন দীর্ঘদিন ধরে কওমি মাদরাসার শিক্ষা ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাঁর গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় কওমি অঙ্গনের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সভা থেকে সরকারের প্রতি তিনটি আহ্বান জানানো হয়। এগুলো হলো—মুফতি রুহুল আমীনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া, তাঁর সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করা।

এ ছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে মুফতি রুহুল আমীনের সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আরও উপস্থিত ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক, জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমান।

No comments