আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ, ছাত্রলীগের বিরুদ্ধে সতর্কবার্তা
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে সাপ্তাহিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কলেজ ছাত্রদলের আয়োজনে প্রথমে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। এ সময় বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ সন্ধান সরকার শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সন্ত্রাস, দখলদারিত্ব ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments