২৪ লাখ টাকা আদায়ের প্রতিবাদ, নার্সিং শিক্ষার্থীকে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ
চ্যানেল টেন ডেস্ক :
বরিশালের বেসরকারি আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে পুলিশ দিয়ে তুলে নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগের দিন নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালনকালে তাঁর ওপর হামলার অভিযোগ ওঠে। সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অন্তু বিশ্বাস প্রতিষ্ঠানটির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীদের কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে ২৪ লাখ টাকা আদায়ের প্রতিবাদ করায় তাঁর ছাত্রত্ব বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠ
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচ বাবদ জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা আদায়ের উদ্যোগ নেয় আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট ও ডিডব্লিউএফ নার্সিং কলেজ কর্তৃপক্ষ। ওই অর্থ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছিল।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীরা জানতে পারেন, এ ধরনের কোনো অর্থ তারা গ্রহণ করেন না। এরপর অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
এদিকে, গত ১৭ মে অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেন বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন। আদালতের এ পদক্ষেপের পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অর্থ সমন্বয় করতে বাধ্য হয় বলে দাবি শিক্ষার্থীদের।
তাদের অভিযোগ, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২ নভেম্বর অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করে কলেজ কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তুর এক সহপাঠী শুক্রবার চ্যানেল টেনকে বলেন, ২০২৪ সালেও ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা নেওয়া হয়েছিল। তখন আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ টাকা সমন্বয়ের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, চলতি বছরের ২৩ এপ্রিল শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য হাসপাতাল কোনো অর্থ নেয় না। এরপর শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামেন।
অন্তুর সহপাঠীর অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ অর্থ সমন্বয়ের নোটিশ দেওয়ার সময় শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছিল। কিন্তু গত ৮ নভেম্বর ফরম পূরণের শেষ দিনে অন্তু কলেজে গেলে তাঁর ফরম নিতে অস্বীকৃতি জানানো হয়। কারণ হিসেবে তাঁর ছাত্রত্ব বাতিলের কথা জানানো হয়।
প্রথমে ছাত্রত্ব বাতিলের কোনো লিখিত কাগজ দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীরা একসঙ্গে গিয়ে কারণ জানতে চাইলে গত ২ নভেম্বর জারি করা একটি নোটিশ দেখানো হয়।
সহপাঠী আরও জানান, এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফোন ধরা বন্ধ করে দেয়। প্রায় ১০ দিন প্রতিষ্ঠানটি বন্ধও ছিল। বৃহস্পতিবার কলেজ খোলার পর অন্তু নিজের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে একক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রতিষ্ঠানের এক কর্মচারী তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। অন্তুর বাবাও ঘটনাস্থলে গেলে তাঁর গায়ে হাত তোলা হয় বলে দাবি করেন ওই সহপাঠী।
তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তদন্তের কথা বলে অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যায়। প্রথমে থানায় নেওয়ার কথা বলা হলেও পরে আদালতে নেওয়ার কথা জানানো হয়। শিক্ষার্থীরা আদালতে গিয়ে তাঁকে না পেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়েও খোঁজ করেন। সেখানেও তাঁকে পাওয়া যায়নি।
পরে পুলিশ জানায়, অন্তু হাসপাতালে গিয়েছিলেন এবং সেখান থেকে তাঁকে আবার থানায় আনা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের হয়রানির জন্য পুলিশ ক্ষমাও চেয়েছে বলে দাবি করেন ওই সহপাঠী।
শিক্ষার্থীদের দাবি, অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল করতে হবে এবং ভবিষ্যতে তাঁকে কিংবা অন্য কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না।
নার্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ, ৫ দফা দাবি
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল ও তাঁর ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন (বিবিজিএসএনএ)।
বিডিএসএনইউর বিবৃতিতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৮ ঘণ্টার মধ্যে অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, হামলার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, তাঁর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা এবং ছাত্রত্ব বাতিলের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।
অন্যদিকে, শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে (বিএনএমসি) স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিবিজিএসএনএ।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে অন্তুর ওপর হামলার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তি, তাঁর ছাত্রত্ব বাতিলের আদেশ প্রত্যাহার, ফরম পূরণের সুযোগ নিশ্চিত করা, প্রতিষ্ঠান দুটির অঘোষিত বন্ধ প্রত্যাহার এবং নিয়মিত মানসম্মত পাঠদান ও ব্যবহারিক প্রশিক্ষণ চালু করা। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো শিক্ষার্থীকে পরীক্ষা, ইন্টার্নশিপ কিংবা ফরম পূরণে হয়রানি না করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি আসিফ নাদিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজ প্রশাসন অন্তুর ব্যাচমেটদের একটি অংশকে তাঁর বিরুদ্ধে উসকে দিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া কিংবা ভয় দেখিয়ে চাপে রাখার মতো ঘটনা ঘটে। তাঁরা অন্তুর অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবার জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নার্সরাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। নার্স টক এডুকেশনের পরিচালক মাহফুজুর রহমান অনিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলে লেখেন, প্রতিষ্ঠানের অনিয়মের প্রতিবাদ করায় একজন শিক্ষার্থী কেন ছাত্রত্ব হারাবেন এবং তাঁকে পুলিশ দিয়ে তুলে নেওয়ার মতো পরিস্থিতি কেন তৈরি হলো।
যা বলছে কলেজ ও পুলিশ প্রশাসন
আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট ও ডিডব্লিউএফ নার্সিং কলেজ একই মালিকানাধীন প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠান দুটির আলাদা ভবন নেই। একই ভবনে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকও একই ব্যক্তি।
অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, অন্তু তাঁদের শিক্ষার্থী নন, তিনি আইএসিআইবির শিক্ষার্থী।
প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ও পরিচালক মো. জহিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল কেটে দেন।
অন্যদিকে, হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার অন্তুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ স্বপ্রণোদিত হয়ে তাঁকে আদালতে ডেকে পাঠান। অন্তুর বক্তব্য শুনে কোনো অসহায়ত্ব থাকলে আদালত তাঁর পাশে দাঁড়াবে—এমন উদ্দেশ্যেই তাঁকে ডাকা হয়েছিল।
ওসি আরও বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়নি। আদালত অন্তুর বক্তব্য শুনেছে। বিষয়টি গুরুতর মনে না হওয়ায় আদালতও পরবর্তী কোনো উদ্যোগ নেয়নি।
আদালতে হাজির করার জন্য কোনো নোটিশ জারি হয়েছিল কি না, জানতে চাইলে ওসি বলেন, শুক্রবার বিশেষ আদালতের কার্যক্রম ছিল। কোনো নোটিশ দেওয়া হয়নি। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকালে তাঁকে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বিকেলে অন্তু বিশ্বাসকে আদালতে পাঠাতে বলেন। পরে পুলিশ মৌখিকভাবে তাঁকে আদালতে যেতে বলেছে।
হয়রানির অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, অন্তুর বন্ধুরা আদালতে গিয়ে তাঁকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ, অন্তু কাউকে না জানিয়েই মেডিকেলে চলে গিয়েছিলেন। এতে তাঁর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পুলিশ তাঁকে আটক বা গুম করেছে কি না, এমন আশঙ্কা তৈরি হয়। পরে থানায় এসে পুলিশ তাঁদের বিষয়টি বুঝিয়ে বলে।

No comments