‘দেশ থেকে ভাগেন, টুকরা টুকরা করা হবে’, ফের হুমকি পেলেন মাহমুদা মিতু
চ্যানেল টেন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে অপরিচিত একটি ফোন নম্বর থেকে কল করে তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অন্যথায় তাঁকে টুকরা টুকরা করে ফেলার হুমকি দেন কলদাতা।
জানা গেছে, রোববার বিকেল ৫টা ২৯ মিনিটে ফোনকলটি আসে। ওই সময় ডা. মাহমুদা মিতু জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন। ফোনে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।
এর আগে গত ১৩ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু জানিয়েছিলেন, টানা সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করেন এই সংসদ সদস্য।
ওই পোস্টে তিনি জানান, গত ১২ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে একটি ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। সংসদে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা তুলে ধরেন।
মাহমুদা মিতুর সাম্প্রতিক এই অভিযোগের পর নতুন করে প্রাণনাশের হুমকির ঘটনা সামনে এলো।
সর্বশেষ ফোনকলটি এনসিপির মিডিয়া সেলের বরাতে প্রকাশিত হয়েছে।

No comments