শিরোনাম

পুলিশের মামলার বাদী এসআইয়ের ওপর হামলা, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

চ্যানেল টেন ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। একই সময়ে উপজেলা যুবদলের কার্যালয়, বিএনপি সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপি সমর্থকদের কয়েকটি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ কয়েকজন বিএনপি সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার ৬ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানানো হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এদিকে, জেলার চলমান পরিস্থিতির মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুদারের পদেও রদবদল করা হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করে তাঁর স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশের তথ্য অনুযায়ী, মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল থেকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের অভিযোগ ওঠে। 

No comments