বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা
চ্যানেল টেন ডেস্কঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলায় চালায় আন্দোলনকারীরা। এ সময় দুই নেতা মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মাথায় আঘাতপ্রাপ্তরা হলেন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল আলম রবি এবং কোনাবাড়ী থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমু। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়াও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বুলবুল আহমেদসহ অন্তত তিন জন শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ স্থানীয় অন্যান্য ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রবিউল আলম রবি বলেন, সকাল ৯টার দিকে কোনাবাড়ী বিসিকের ১নং গেটের পাশে আমরা বিএনপি নেতারা দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ আন্দোলনকারীরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল মারে। ফলে ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিই। আমার সামনেই কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমুর মাথায়ও আঘাত করে আন্দোলনকারীরা। ওই সময় হিমুরও মাথা ফেটে যায়। এছাড়াও আন্দোলনকারীদের হামলায় অন্যান্য বিএনপি নেতারাও আঘাতপ্রাপ্ত হন।

No comments