রণক্ষেত্র ঝিনাইদহ, নারীসহ আহত ৫
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় নতুন করে সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন বাখরবা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মাতুব্বর আনু মণ্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সকালে একটি গরু জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনু মণ্ডলের সমর্থক ও প্রবাসী মনি বিশ্বাসের স্ত্রী শামেলা খাতুনকে বকুল বিশ্বাসের সমর্থকেরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক নারীসহ পাঁচজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

No comments