সুরাইয়া জেরিন রনির করা মামলায় সুখানপুকুর ইউপি প্যানেল চেয়ারম্যান রূপালী বেগম গ্রেফতার
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রূপালী বেগমকে একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ০১ অক্টোবর বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও গাবতলী মডেল থানার সেকেন্ড অফিসার ইয়াসিন আরাফাত।
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর গাবতলী মডেল থানায় মামলাটি দায়ের করেন সুরাইয়া জেরিন রনি। মামলার নম্বর ১০। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগসহ বি-স্ফো-রক আইনের ধারায় মামলাটি করা হয় বলে জানা গেছে। ওই মামলায় রূপালী বেগমকে আসামি করা হয়েছে।
বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির করা ওই মামলায় রূপালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলাটি দায়েরের সময় সুরাইয়া জেরিন রনি সংসদ সদস্য ছিলেন না।
গ্রেফতারের পর গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা হলে রূপালী বেগম দাবি করেন, মামলার বাদী সুরাইয়া জেরিন রনি তাকে একটি এফিডেভিট করে দিয়েছেন। তার আরও দাবি, পরবর্তীতে তিনি সুরাইয়া জেরিন রনির সঙ্গে বিভিন্ন সময় বিএনপির মিছিল, সভা ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীর মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন আরাফাত জানান, রূপালী বেগমকে মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে, বাদী এফিডেভিট করে দিলে মামলা বা আসামির বিষয়ে কী হয়—এ নিয়েও স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। আইনগতভাবে শুধু এফিডেভিট করার কারণে কোনো আসামির নাম স্বয়ংক্রিয়ভাবে এজাহার থেকে বাদ যায় না। কোনো মামলায় আপসের সুযোগ থাকলে তা সংশ্লিষ্ট আইনের বিধান ও আদালতের প্রক্রিয়ার ওপর নির্ভর করে। নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারায় আপসের বিধান রয়েছে।
তাই বাদীর এফিডেভিট থাকলেও গ্রেফতার বা মামলার পরবর্তী কার্যক্রমের বিষয়টি সংশ্লিষ্ট আইন ও আদালতের আদেশের ওপর নির্ভরশীল। রূপালী বেগমের ক্ষেত্রে তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এফিডেভিট বা আপসের বিষয়টি আদালতের সামনে উপস্থাপিত হলে আইন অনুযায়ী আদালত তা বিবেচনা করবেন।
এদিকে, স্থানীয় কয়েকটি সূত্রের বক্তব্য অনুযায়ী, রূপালী বেগম অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাবা তোফাজ্জল হোসেন মহুরী দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
মামলায় আনা অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

No comments