প্রধানমন্ত্রীর বাসার ছাদ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট সৌরবিদ্যুৎ: মীর শাহে আলম
প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। রাজধানীর গুলশানে নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন, ব্যবহার ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, সমবায় ভবনসহ সব জাতীয় ও সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এসব ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িকভাবেও দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দুর্গাপূজা সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান মীর শাহে আলম। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
ইউএনওদের জন্য একটি ঐচ্ছিক তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এলাকার দরিদ্র মানুষ তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসেন। প্রত্যেক ইউএনওর জন্য এমন একটি তহবিল থাকলে জরুরি প্রয়োজনে দরিদ্র মানুষকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের জোগান দিতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সমাধানে যাওয়ার কথাও জানান তিনি।
মীর শাহে আলম বলেন, সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তারা সরাসরি কাজ করছেন। উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় দাবিদাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি করতে প্রতিবছর ডিসি সম্মেলনের মতো ইউএনওদেরও বার্ষিক সম্মেলন আয়োজন করা প্রয়োজন।
বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা কিংবা ডামি নির্বাচনের মতো কোনো কাজে নির্দেশ দেবে না।
রাজনৈতিক বিষয়েও সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, মিরপুরের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও জানান তিনি।
এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments