বগুড়ায় ডিজিটাল ওয়ালেটের নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩
ডিজিটাল ওয়ালেট অ্যাপস ব্যবহার করে আর্থিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে বগুড়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাঁদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া সদর থানার কলোনি এলাকায় আইআইটিবির প্রধান ফটকের সামনে সাতমাথা থেকে বনানীগামী সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ দক্ষিণপাড়ার মো. নাজিম উদ্দিন (৪২), ফুলকোট পশ্চিমপাড়ার মো. ওবায়দুর রহমান (৪০) এবং বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী উত্তরপাড়ার মো. নুরুল ইসলাম (৪১)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিত। পরে ওই অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা রাখলে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করত চক্রটি। এরপর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হতো বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx নামের অ্যাপসগুলোতে লেনদেনের তথ্য এবং একাধিক জিমেইল অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। পরে অপরাধকাজে ব্যবহারের অভিযোগে চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আইনবহির্ভূত ডিজিটাল লেনদেন করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার।

No comments