শিরোনাম

বগুড়ায় এনসিপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হুমকির অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়া মহানগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগকে কেন্দ্র করে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন দলটির মহানগর সমন্বয় কমিটির সদস্য আবু সাঈদ। তাঁর অভিযোগ, কমিটি গঠনের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর স্থানীয় বিএনপির কয়েকজন তাঁকে ফোন করে হুমকি দিচ্ছেন। তাঁদের সঙ্গে দেখা না করলে ব্যবসাপ্রতিষ্ঠানে সমস্যা সৃষ্টির হুমকিও দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) আবু সাঈদ বলেন, বগুড়া মহানগর এনসিপির সমন্বয় কমিটির সদস্য হিসেবে তাঁরা মহানগরের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় ফেসবুকে একটি পোস্ট দিয়ে বগুড়া মহানগরের ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগের কথা জানান তিনি। পাশাপাশি আগ্রহীদের যোগাযোগ করার আহ্বান জানান।

আবু সাঈদের অভিযোগ, ওই পোস্ট দেওয়ার পর থেকেই স্থানীয় বিএনপির কয়েকজন তাঁকে ফোন করে হুমকি দিচ্ছেন। তাঁদের সঙ্গে দেখা না করলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে সমস্যা করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তাঁর কাছে ফোনালাপের রেকর্ড রয়েছে বলে দাবি করেন তিনি।

আবু সাঈদ বলেন, “২০২৪-পরবর্তী সময়ে এ দেশের মানুষের প্রত্যাশা, প্রতিটি রাজনৈতিক সংগঠন নিজেদের আদর্শ প্রচার করবে। এতে কেউ বাধা দেবে না। আমরা চাই, সব রাজনৈতিক দল স্বাধীনভাবে নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করুক।”

থানায় অভিযোগের প্রস্তুতি

আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আবু সাঈদ বলেন, রোববার (১১ অক্টোবর) রাতে তিনি বগুড়া সদর থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। তবে জনবলসংকটের কারণে তাঁর অভিযোগ গ্রহণ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি। তাঁকে সোমবার সকালে যেতে বলা হলেও ব্যস্ততার কারণে যেতে পারেননি। সোমবার রাতের মধ্যে অভিযোগের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানান তিনি।

হুমকির পক্ষে প্রমাণ আছে কি না, জানতে চাইলে আবু সাঈদ বলেন, তাঁকে ফোনে হুমকি দেওয়ার কল রেকর্ড তাঁর কাছে রয়েছে।

হস্তক্ষেপ কামনা জুহিনের

এদিকে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর হস্তক্ষেপ কামনা করেছেন এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিন।

নিজের ফেসবুক পোস্টে শাহরিয়ার জুহিন উল্লেখ করেন, বগুড়া মহানগর এনসিপির সমন্বয় কমিটির এক সদস্যের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাঁকে একের পর এক হুমকি ফোন দেওয়া হচ্ছে। ‘এলাকাটি বিএনপির’—এমন বক্তব্য তুলে ধরে ওয়ার্ডে এনসিপির কমিটি গঠনের উদ্যোগে আপত্তি জানানো হচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

শাহরিয়ার জুহিন বলেন, ২০২৪ সালের পর দেশে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল। স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে প্রতিহিংসার রাজনীতি কাম্য নয়। তাঁর মতে, বগুড়া মহানগর গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহাবস্থানের আদর্শ ক্ষেত্র হয়ে ওঠার কথা।

পোস্টে তিনি আরও বলেন, ভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা ও হুমকির অভিযোগ গ্রহণযোগ্য নয়। বগুড়া মহানগরে সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর প্রতিক্রিয়া এবং পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

No comments