সরলেই নদীতে নামেন জেলেরা,পায়রা নদীতে বন্ধ হচ্ছেনা অবৈধ মাছ শিকার
পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান চললেও পায়রা নদীতে বন্ধ হচ্ছে না অবৈধ মাছ শিকার। অভিযানের সময় টহল পুলিশের ট্রলার একদিকে গেলে অন্য দিকে জাল ফেলছেন নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেরা। আবার টহল দল সরে গেলেই নদীতে নামছেন তারা। এভাবে প্রশাসনের সাথে দিনরাত চোর-পুলিশের খেলা খেলছে মা ইলিশ শিকারীরা। চলমান অভিযানে গত বুধবার পর্যন্ত ২৬ হাজার মিটার অবৈধ জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ সময়ে মাছ ধরার কর্মকাণ্ড।
স্থানীয়দের অভিযোগ, জনবলসঙ্কট, সীমিত
টহল ও নদীপথে নজরদারির ঘাটতিকে কাজে লাগিয়ে একশ্রেণীর জেলে নির্বিঘ্নে মা মাছ শিকার করছেন। উপজেলার পাঙ্গাশিয়া, আলগী, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়াসহ পায়রা নদীর বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল ফেলা হচ্ছে। শিশু-কিশোর থেকে বয়স্ক ব্যক্তিদেরও মাছ ধরায় অংশ নিতে দেখা যাচ্ছে। এমনকি জেলেদের পরিবারের নারী সদস্যরা নদীর তীরে অবস্থান করে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, অভিযানের ট্রলার দূরে দেখা গেলেই মুঠোফোনে সতর্কবার্তা পৌছে যায় নদীতে থাকা জেলেদের কাছে। তারা তখন দ্রুত জাল তুলে তীরে উঠে আত্মগোপন করেন। অভিযানকারী দল চলে গেলে আবার নদীতে
নেমে মাছ ধরেন তারা। একদল জেলে ধাওয়া খেয়ে পালালে অন্য দল নদীর অন্য প্রান্তে জাল ফেলেন। ফলে অভিযান চললেও কার্যত বন্ধ হচ্ছে না মা-ইলিশ শিকার।
এ দিকে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ইলিশ গোপনে বিক্রি ও মজুতের অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, হাজিরহাট, লেবুখালী ফেরিঘাট, ভাঙ্গার মাথা, আঙ্গারিয়া বন্দর, পাতাবুনিয়ার হাট, জেলেপাড়া, উত্তর মুরাদিয়া ও চরগরবদিসহ বিভিন্ন এলাকায় বরফভর্তি বাক্সে ইলিশ সংরক্ষণ করা হচ্ছে। পরে সুযোগ বুঝে এসব মাছ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পাঙ্গাশিয়ার বাসিন্দা মো: ফারুক হোসেন বলেন, 'প্রশাসন নদীর এক দিকে অভিযান চালালে অন্যদিকে জেলেরা মাছ ধরছেন। টহল শেষ হলেই আবার শুরু হয় মাছ শিকার। এভাবে চলতে থাকলে মা-ইলিশ রক্ষার উদ্দেশ্য ব্যাহত হবে। এ জন্য নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে একযোগে অভিযান চালানো প্রয়োজন।'
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজুর রহমান বলেন, 'আমাদের টহল দল কিছুক্ষণ আগেই ওই এলাকা ঘুরে এসেছে। জনবল কম এবং একটি মাত্র টহল দল থাকায় নদীর সব জায়গায় সমানভাবে নজরদারি করা সম্ভব হয় না। তবে টহল দল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।'
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় বরাদ্দ ও দ্রুতগতির নৌযানের অভাবে নদীর বিস্তীর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো যাচ্ছে না। এ সুযোগে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার অব্যাহত রেখেছেন একশ্রেণীর জেলে।

No comments