বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নবাববাড়ী সড়কে অবস্থিত টিএমএসএস মহিলা মার্কেট মোবাইল ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার সমিতির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাহী পরিষদ গঠনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩১ অক্টোবর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি এবং ১ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২ ও ৩ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৪ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ নভেম্বর সকাল ১১টায়।
এ ছাড়া প্রার্থিতা বাতিলের বিষয়ে আপত্তি দাখিল ও শুনানি, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের জন্য পৃথক সময় নির্ধারণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
তফসিল অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গণনা ও ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নির্বাচন বোর্ডের মাধ্যমে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তিতে সমিতির সম্মানিত সদস্যদের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অবগত করা হয়েছে।

No comments