শিরোনাম

টিকটক থেকে শ্যালিকার 'কাছে আসা', বিয়ের পর কর্মস্থলে অবাঞ্ছিত মাসুদ

চ্যানেল টেন ডেস্কঃ

নওগাঁর বদলগাছীতে শালিকাকে বিয়ে করে আলোচনায় আসা আইনজীবীর সহকারী ও টিকটকার মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার। একই সঙ্গে তাঁকে সেরেস্তার কার্যক্রমে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে মাসুদ রানার বিরুদ্ধে ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানাকে সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ কারণে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম বা দাপ্তরিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করতে মক্কেল ও সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সেরেস্তার নাম ব্যবহার করে তাঁর সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেরেস্তার নাম ব্যবহার করে মাসুদ রানার সঙ্গে কোনো অননুমোদিত যোগাযোগ বা আর্থিক লেনদেনের ফলে সৃষ্ট কার্যক্রমের দায় সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না।

সম্প্রতি মাসুদ রানার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাঁর প্রথম স্ত্রী মৌসুমীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করার বিষয়টি সামনে আসার পর এ আলোচনা আরও বাড়ে। গত ২৪ অক্টোবর তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিন বিয়ের আয়োজন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মাসুদ রানা জানান, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি তাঁর শালিকা পূর্ণিমাকে বিয়ে করেছেন। তাঁর দাবি, পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে আগে ধারণ করা ভিডিও নিয়ে তাঁকে হয়রানির শিকার হতে হতো।

ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের জন্য একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। ধর্মীয় বক্তা মাওলানা রেজাউল করিমও একই সময়ে দুই বোনকে বিয়ে করে সংসার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন। তবে আগের স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হলে নির্ধারিত শর্তে তাঁর বোনকে বিয়ে করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

এসব ঘটনা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদ রানাকে সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

No comments