বাস কাউন্টারে যুবদল নেতার লাশ, খুলিতে মিলল বুলেট
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে (৩৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের সময় তার মাথার খুলির ভেতর একটি বুলেট পাওয়া যায়। বুধবার দুপুরে চিকিৎসক ও পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শাকের হোসেনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা তার মাথার খুলির ভেতরে বুলেট পেয়েছেন। এতে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর বিস্তারিত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নিহত শাকের হোসেন মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাস টার্মিনালে কাউন্টারের ভেতর শাকেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে স্বজনরা অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করেন। এ কারণে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গোসল করানোর প্রস্তুতির সময় তার মাথার পেছনে ক্ষতচিহ্ন দেখতে পান স্বজনরা। তাদের সন্দেহ হয়, তাকে গুলি করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তার মাথার খুলির ভেতরে বুলেট পেয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাস টার্মিনালের প্রবেশমুখে জেলা পুলিশের স্থাপন করা একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার অডিওতে ঘটনার সময় দুটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার কাছাকাছি সময়ে কয়েকটি মোটরসাইকেল ও ইজিবাইক টার্মিনালে ঢুকতে ও বের হতে দেখা যায়।
তবে ক্যামেরার অবস্থান থেকে রয়েল এক্সপ্রেসের কাউন্টারটি আড়ালে থাকায় হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা সম্ভব হয়নি। ঘটনার সময় কাউন্টারের ভেতরে দুই যাত্রী ছিলেন। তারা ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে শাকেরকে গুলি করে পালিয়ে যায়। তবে হামলাকারীদের পরিচয়, হত্যার কারণ এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনের পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন মাগুরা সদর হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, শাকেরের মাথার খুলির ভেতর বুলেট পাওয়ার তথ্য চিকিৎসকরা জানিয়েছেন। শুরু থেকেই প্রত্যক্ষদর্শীরা গুলির কথা বলছিলেন। তার দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও বলেন, হত্যার পেছনে বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ঘটনার মূল কারণ উদ্ঘাটনের জন্য তিনি পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সহিংসতায় ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান তিনি।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে তারা ঢাকা-খুলনা মহাসড়কের একটি অংশ অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

No comments