শিরোনাম

বগুড়া বিভাগের দাবিতে এনসিপি বগুড়া জেলা ও মহানগরের মানববন্ধন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবিতে বগুড়া শহরের সাতমাথা জুলাই চত্বরে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা ও মহানগর শাখা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বগুড়াকে দ্রুত বিভাগ ঘোষণার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন দলের নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন এনসিপির বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ও এ এফ এম মাহমুদুল হক রাকিব, বগুড়া মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশেদুজ্জামান রনি, জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মন্ডল, সদস্য সচিব সৈকত আলী এবং যুবশক্তির নেতা তৌফিকুর রহমান স্বপ্নসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে এনসিপির বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি দীর্ঘদিনের। উত্তরাঞ্চলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে বগুড়াকে দ্রুত বিভাগ ঘোষণা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বগুড়াকে বিভাগ ঘোষণা করা হলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক ভোগান্তি কমার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবির পক্ষে জনমত গড়ে তোলা এবং দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

No comments