শিরোনাম

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

চ্যানেল টেন ডেস্কঃ

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া দুই সন্তানের জননীকে ১ লাখ ২০ হাজার টাকায় সমঝোতা করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ছাড়া সমঝোতার টাকা থেকে ৭ হাজার টাকা নেওয়া এবং ওই নারীর মুঠোফোন থেকে ভিডিওসহ বিভিন্ন তথ্য মুছে ফেলতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েলের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের রূপসীহাটা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই দিন দুপুর থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন নুরজাহান নামের ওই নারী। তাঁর প্রেমিক আলী হোসেন ওই গ্রামের সুরুজ্জামান শুটকুর ছেলে।

নুরজাহান মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামের নুর হোসেনের মেয়ে। প্রথম সংসারের ইতি টেনে তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করছেন। আগের সংসারে তাঁর ১৩ ও ৯ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন

ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১

নুরজাহানের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আলী হোসেনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছরের ওই সম্পর্কের পর তিনি বিয়ের স্বীকৃতি চান।

তিনি আরও দাবি করেন, সম্পর্ক চলাকালে নিজের উপার্জনের টাকা আলী হোসেনকে দিতেন। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে আলী হোসেনের পাঠানো টাকায় গর্ভপাত করান তিনি।

নুরজাহান জানান, সম্প্রতি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মেলান্দহের ডেফলা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তাঁরা একসঙ্গে ছিলেন। পরে মেলান্দহের জিন্নাহ মার্কেট এলাকায় আলী হোসেন তাঁর মায়ের অসুস্থতা ও প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ব্যাগ রেখে তাঁর কাছ থেকে আলাদা হয়ে যান। এরপর থেকে আলী হোসেনের খোঁজ পাচ্ছিলেন না বলে দাবি করেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) বিয়ের স্বীকৃতি চেয়ে আলী হোসেনের বাড়িতে গিয়ে অবস্থান নেন নুরজাহান। তবে ওই সময় বাড়িতে পরিবারের কাউকে পাননি বলে জানান তিনি। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহানের দুই ফুফুর মধ্যস্থতায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েলের সহযোগিতায় রাত ১২টার দিকে সমঝোতা হয়।

নুরজাহান বলেন, বিয়ের স্বীকৃতি না দিয়ে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় তাঁর মুঠোফোন থেকে আলী হোসেনের সঙ্গে কথোপকথন, ছবি ও অন্যান্য তথ্য মুছে ফেলতে চাপ দেওয়া হয়। সাংবাদিকদের কাছে ঘটনা সম্পর্কে কী বলতে হবে, সে বিষয়েও তাঁকে শিখিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এ ছাড়া সমঝোতার টাকা থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন নুরজাহান।

তাঁর ফুফু সাহারা খাতুন বলেন, ‘রাতে আমাদের সঙ্গেই ছিলেন জুয়েল। ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে তিনি ৭ হাজার টাকা নিয়েছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েল বলেন, তাঁদের অনুরোধে ওই নারীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। সালিসি বৈঠকে একজন ব্যক্তিকে নিজের পকেট থেকে ১ হাজার টাকা দিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত নিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাকিব হাসান রনি বলেন, ‘ভুক্তভোগী নারীর সুনির্দিষ্ট অভিযোগ থাকলে জেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই প্রথম জানলাম। জুয়েল পরিশ্রমী ছাত্রনেতা। তাঁর সঙ্গে কথা বলে পরে জানাব।’

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, ‘ছাত্রদলের কোনো নেতার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments