বগুড়ায় হত্যা মামলায় ইউপি সদস্য শাফিসহ ৩ জন কারাগারে, একদিনের রিমান্ড মঞ্জুর
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর উত্তরপাড়ায় চোর সন্দেহে শামিম হোসেন হত্যা মামলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা এবিএম শাফিকুল ইসলাম শাফিসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে শাফির দুই ছেলে নাজমুল হোসেন কাইয়ুম ও সালাউদ্দিনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার এজাহারভুক্ত আরও বেশ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
চলতি বছরের ১ সেপ্টেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শামিম হোসেন শ্বশুর বাড়িতে বেড়াতে এসে চোর সন্দেহে হত্যার শিকার হন বলে জানা গেছে। তারপর খুন হওয়া শামীমের পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারভুক্ত প্রধান ৩ আসামী পলাতক ছিল।
পরবর্তীতে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “আজ (২৭-১০-২৬) মঙ্গলবার তিনজন আসামির রিমান্ড আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত শাফি মেম্বার বাদে বাকি দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।”
উক্ত মামলার আসামি নাজমুল হোসেন কাইয়ুম বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। অপর আসামি হলেন সালাউদ্দিন। তাঁরা এবিএম শাফিকুল ইসলাম শাফির ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনাটি দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

No comments