বগুড়ার সারিয়াকান্দিতে অথবা ওয়াই শেপ সেতুর সম্ভবনা দ্বিতীয় যমুনা সেতুর উপযুক্ত স্থান ও অ্যালাইনমেন্ট নির্ধারণে চলছে সমীক্ষা
দেশের পরিবহন খাতের উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা আনতে বহু প্রতীক্ষিত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রস্তাবিত এই সেতুর উপযুক্ত স্থান ও অ্যালাইনমেন্ট বা রুট নির্ধারণের জন্য ১২ মাসের সময়সীমা নির্ধারিত থাকলেও, নির্ধারিত মান বজায় রেখে ৮ থেকে ৯ মাসের মধ্যে সমীক্ষা শেষ করার তাগিদ দিয়েছে সেতু বিভাগ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, এই মেগা প্রকল্পের আওতায় উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং বিদ্যমান যমুনা সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে এই সেতু চালুর সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। গত কিছুদিন আগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ও পরামর্শক প্রতিষ্ঠানের মধ্যে “যমুনা ও পদ্মা নদীর ওপর দ্বিতীয় যমুনা এবং পদ্মা সেতু নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই সমীক্ষার পরামর্শক সেবা” শীর্ষক এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিবিএ’র প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং পরামর্শক প্রতিষ্ঠান সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমীক্ষায় যৌথভাবে কাজ করছে নেপালের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট লিমিটেড (ইআরএমসি), সুইডেনের সুইডিশ ন্যাশনাল রোড কনসালটিং এবি, দক্ষিণ কোরিয়ার দাসান কনসালটেন্টস কো. লিমিটেড এবং বাংলাদেশের দেশ উপদেশ লিমিটেড (ডিইউএল) ও জেএস সার্ম অ্যাসোসিয়েটস লিমিটেড (সার্ম)।
এছাড়া দেশীয় প্রতিষ্ঠান টিলার সাব-কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। সমীক্ষায় কারিগরি, অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক এবং আর্থিক বিষয়গুলোর বিস্তারিত মূল্যায়ন করা হবে। দ্বিতীয় যমুনা সেতুর জন্য বর্তমানে তিনটি সম্ভাব্য রুট বা করিডোর যাচাই-বাছাই করা হচ্ছে। এগুলো হলো-বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ রুট এই রুটটি বাস্তবায়িত হলে বগুড়া থেকে ঢাকার দূরত্ব প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হ্রাস পাবে।
এছাড়া বিদ্যমান সেতু ঘুরে ময়মনসিংহ যাওয়ার দীর্ঘ পথও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। স্থানীয় প্রতিনিধি ও বিশেষজ্ঞরা মনে করছেন, গাবতলী-সারিয়াকান্দি-মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইলে সংযোগ স্থাপন করা হলে যাতায়াতের সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে। স্থানীয় জনগণের দাবি ও বিভিন্ন মহলের জোরালো দাবির মুখে এই রুটের গুরুত্ব আরও বেড়েছে।

No comments