সৌদিতে বিমানবন্দরে হামলার পর নিখোঁজ বগুড়ার সাহেদ, দুশ্চিন্তায় পরিবার
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পর থেকে বগুড়ার সাহেদ আহমেদ আশিকের খোঁজ পাচ্ছে না তাঁর পরিবার।
প্রায় এক মাসের ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যাওয়া সাহেদের সঙ্গে রিয়াদে পৌঁছানোর পর পরিবারের সর্বশেষ কথা হয়েছিল। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি স্বজনেরা। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বাড়িতে চলছে কান্না আর আহাজারি।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাহেদের পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ থাকার বিষয়টি জানান। সাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পরিবার পক্ষ থেকে জানা যায়, প্রায় এক মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন সাহেদ। রাত ২টার দিকে তাঁর ফ্লাইট ছিল। রিয়াদ হয়ে তাঁর কর্মস্থল জেদ্দায় যাওয়ার কথা ছিল।
সাহেদের ভাই মাসুদ রানা বলেন, “ভাবির সঙ্গে ভাইয়ের সর্বশেষ কথা হয়েছিল রিয়াদ থেকে। তিনি জানিয়েছিলেন, রিয়াদে পৌঁছেছেন। সেখান থেকে জেদ্দায় যেতে আরও দেড় ঘণ্টার মতো সময় লাগবে। এরপর ফোন দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমার ভাইয়ের বিষয়ে সঠিক তথ্য জানার ব্যবস্থা করা হোক। কোনো দুর্ঘটনা ঘটে থাকলে তাঁকে সুস্থ ও নিরাপদ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “বিষয়টি মানুষের মুখে শুনেছি। তবে এখন পর্যন্ত তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারিনি। সরকারি পর্যায় থেকেও এ বিষয়ে কোনো বার্তা আমরা পাইনি। সঠিক তথ্য জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।”
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তবে নিখোঁজ সাহেদ আহমেদ আশিক ওই ঘটনায় হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাহেদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

No comments