শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি হাতবোমা উদ্ধার

চ্যানেল টেন ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে একটি লেবুবাগানের মধ্যে রাতের অন্ধকারে মাটির নিচে পুঁতে রাখা তিন বালতিতে থাকা ১৭টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মণ্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগানে মাটির কয়েক হাত নিচে পুঁতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, উদ্ধারকারী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে আমবাগানের মধ্যে থাকা লেবুবাগানে লাকড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে নতুন গর্তের মধ্যে বালতির উপরে থাকা পলিথিন দেখতে পেয়ে হাতবোমা বা ককটেল সন্দেহ করে পুলিশকে জানায়। পরে দুপুর থেকে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। রাতে স্থানীয়দের সহযোগিতায় তিনটি বালতিতে থাকা এসব ককটেল উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধার করে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

এর আগে, গত ২ অক্টোবর একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের হাতে থাকা দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণে ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ওদুদ মহরিলের দুই সমর্থক আহত হয়। এসময় আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। রোববার (১১ অক্টোবর) উদ্ধারকৃত ককটেলগুলোও ওদুদ মহরিলের হতে পারে বলে ধারনা স্থানীয়দের।

No comments