আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা, ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ
রাজধানীর আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর আদাবর এলাকায় এ অভিযান চালানো হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের জানান, সোমবার রাত ২টা ৪ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় ৬ নম্বর শেখেরটেকের একটি বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিরা অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
ওসি বলেন, অভিযানের একপর্যায় ঘটনাস্থলে ৭/৮ জন দুষ্কৃতিকারী দেখতে পাই। তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা চাপাতি নিয়ে আমাদের প্রতি আক্রমণ করার চেষ্টা করে। তখন আত্মরক্ষার জন্য কনস্টেবল মোশরেকুল ইসলামের হাতে থাকা শটগান দিয়ে আমি দুই রাউন্ড গুলি করি। তখন দুজন দুষ্কৃতিকারী আহত হয়। ঘটনাস্থল থেকে মোট চারজনকে গ্রেপ্তার করি। অন্য আসামিরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪) নামে চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লেগেছে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব আলোচিত মোহাম্মদপুরের বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। এছাড়া শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে।
আদাবর থানার ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

No comments