শিরোনাম

বগুড়ায় জেলা জজ পদায়ন ঘিরে বার-বেঞ্চ মুখোমুখি, বিচারালয়ে অচলাবস্থা

চ্যানেল টেন ডেস্ক

বগুড়ায় নতুন জেলা ও দায়রা জজ পদায়নের সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে আদালতপাড়ায় তীব্র উত্তেজনা, হট্টগোল ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একপক্ষে সরকারি আদেশ বাস্তবায়নের দাবিতে অবস্থান নিয়েছেন সাধারণ আইনজীবীদের একটি অংশ, অন্যদিকে নবনিযুক্ত বিচারককে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার আদালত বর্জনের কর্মসূচি পালন করছে জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

বার ও বেঞ্চের এই মুখোমুখি অবস্থানে টানা কয়েক দিন ধরে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন শত শত বিচারপ্রার্থী।

সবশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান এজলাসে বসলে পুনরায় হট্টগোল শুরু হয়। পরিস্থিতির মুখে কিছু সময়ের মধ্যেই এজলাস ছেড়ে খাসকামরায় চলে যেতে বাধ্য হন বিচারক। ফলে সোমবার কোনো মামলার শুনানি অনুষ্ঠিত হতে পারেনি।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পদ শূন্য থাকার পর গত ১৭ সেপ্টেম্বর এক সরকারি প্রজ্ঞাপনে বগুড়ায় নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগপ্রাপ্ত বিচারক ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের আমলে বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিতর্কিত ভূমিকা রেখেছিলেন এমন অভিযোগ এনে তাঁর পদায়নের বিরোধিতা শুরু করে বার সমিতি।

বিষয়টি নিয়ে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমান বলেন, উক্ত বিচারকের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট আপত্তি ছিল। তাঁকে যেন বগুড়ায় পদায়ন না করা হয়, সে জন্য আমরা গত ১৫ জুন ও ৭ জুলাই প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করেছিলাম।

কিন্তু আমাদের আবেদন উপেক্ষা করেই তাকে পদায়ন করা হয়েছে। 

তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর বার সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী কেবল জেলা ও দায়রা জজের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির সিদ্ধান্ত অমান্য করে বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তিন আইনজীবীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদের বিরুদ্ধে বার সমিতির সিদ্ধান্ত লঙ্ঘন ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ আনা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া তিন আইনজীবী হলেন, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম রুবেল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) ও অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব।

অন্যদিকে, বার সমিতির এই পদক্ষেপকে আইনি প্রক্রিয়ার পরিপন্থী এবং সাধারণ বিচারপ্রার্থীদের জিম্মি করার শামিল বলে দাবি করেছেন আইনজীবীদের অপর একটি অংশ। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব অভিযোগ করেন, সরকারি আদেশের পরপরই বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে আদালত বর্জনের ঘোষণা দেন, যা বার সমিতির সাংগঠনিক বিধিমালার পরিপন্থী। রাষ্ট্রের আদেশের সঙ্গে আলোচনা না করে সরাসরি তা প্রত্যাখ্যান করে বারকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

আব্দুল ওহাব আরো বলেন, দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। সরকার যখন জটিলতা নিরসনে জজ নিয়োগ দিল, তখন একদল আইনজীবী বিচার কাজে বাধা দিচ্ছেন। বারের কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়।

বার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। সেখান থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই প্রশাসনিক অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে বিচারালয়ের এই দ্বন্দ্বে প্রতিনিয়ত দূরদূরান্ত থেকে আসা সাধারণ বাদী ও আসামিপক্ষ ভোগান্তির শিকার হচ্ছেন।

No comments