বগুড়ায় এসআরবির জোড়া অভিযান, মাদকসহ গ্রেপ্তার ২
বগুড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৮ বোতল ইস্কাফ ও ৩৩ বোতল ফেয়ারডিলসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), সিপিএসসি বগুড়া ক্যাম্প।
এসআরবি-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর তালুকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ শহীদ পাইকার (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৯৮ বোতল ইস্কাফ ও ২৬ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।
এরপর ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান চালায় এসআরবি-১২। অভিযানে মোছাঃ রোকেয়া বেগম (৪৪) নামে এক নারীকে ৭ বোতল ফেয়ারডিলসহ আটক করা হয়।
দুটি অভিযানে মোট ৯৮ বোতল ইস্কাফ ও ৩৩ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

No comments