বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির অন্তত ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি ও চানাচুর মাখিয়ে খাচ্ছিলেন। এসময় আওয়ামীলীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর চালায়।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০-৬০ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এসময় তাঁরা ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে কয়েকজন আহত হয়েছেন।
তারা আরও দাবি করেন, কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ বেশ কয়েকজন আসামি হন। পরে তাঁরা আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে আজ বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে।
এদিকে বিএনপি কার্যালয়ে হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িঘর ভাঙচুর এবং তাঁর পাটের গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments