মানুষের পিঠে চাপল নতুন বোঝা জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধি
খুচরা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া বিএনপি সরকার এ নিয়ে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের দাম বাড়াল। অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা, উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগের স্থবিরতার মধ্যে জ্বালানি তেলের দাম এতটা বাড়ানোর কারণে মূল্যবৃদ্ধি নতুন করে চাপ তৈরি করবে। তাদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকবে না; উৎপাদন, কৃষি, পণ্য সরবরাহ, নিত্যপণ্যের বাজার, বিনিয়োগ, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব ছড়িয়ে পড়বে, যা আগে থেকে মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়িয়েছে।
গত রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বেড়ে ১৬৫ টাকা এবং পেট্রোল ১৪০ থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে। এক ধাক্কায় জ্বালানি তেলের দাম এতটা বাড়ানোর প্রেক্ষাপটে বিরোধীদলসহ নানা মহল থেকে সমালোচনার পাশাপাশি উদ্বেগ জানানো হয়েছে। এর জবাবে ক্ষমতাসীন দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম। গতকাল দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই খাতে লোকসান প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। প্রতি মাসে লোকসান ছিল ৩ হাজার ৮১৩ কোটি টাকা। দেশে মোট জ্বালানি তেলের ব্যবহার ৭০ লাখ মেট্রিক টন। যার মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ টন। ডিজেলের দাম গতকাল পর্যন্ত লিটারপ্রতি ১১৫ টাকা ছিল। ভারতে ১৩৪ টাকা। তেল পাচার হচ্ছে, কী করবে সরকার? বাংলাদেশকে প্রতি লিটার ডিজেল ২৫০ টাকায় কিনতে হয়। দাম ২০ টাকা বাড়ানোর পরও ৭০ টাকা লোকসান দিতে হবে। পরিবহন ভাড়া ও উৎপাদন ব্যয়ে নতুন চাপ, বাড়তে পারে পণ্যমূল্য: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের পরিবহন, শিল্প উৎপাদন ও সার্বিক সরবরাহ ব্যবস্থার ব্যয় বাড়িয়ে মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি করবে বলে মনে করেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। তার মতে, বাড়তি এই ব্যয়ের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে। অথচ এই চাপ কীভাবে সামাল দেওয়া হবে, সে বিষয়ে সরকারের কোনো সুস্পষ্ট কৌশল এখনো দৃশ্যমান নয়। তিনি বলেন, জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অতিরিক্ত করের বোঝা কমানোর বিষয়েও নীতিগতভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন থেকে শুরু করে উৎপাদন ও পণ্য সরবরাহের প্রতিটি ধাপে খরচ বাড়বে। এর প্রভাব শুধু একটি খাতে সীমাবদ্ধ থাকবে না; বিভিন্ন খাতে তা ছড়িয়ে পড়বে।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজও মনে করেন, জ্বালানি তেলের দাম বাড়ায় শিল্প খাতে লজিস্টিক ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে। তার মতে, জ্বালানির ১৫ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যবসা পরিচালনার ব্যয় ২০ থেকে ২৫ শতাংশ বা তারও বেশি বাড়তে পারে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট যুক্ত হওয়ায় শিল্পকারখানাগুলোর ওপর চাপ আরও বাড়বে।
সংশ্লিষ্টদের মতে, জ্বালানির দাম বাড়ার সবচেয়ে দ্রুত প্রভাব পড়তে পারে পণ্য পরিবহনে। পরিবহনে বাড়তি খরচ শেষ পর্যন্ত পণ্যের দামে যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে মানুষের জীবন-জীবিকার প্রায় সব বিষয়ই সরাসরি সম্পর্কিত। এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়বে। তার মতে, উচ্চমূল্যের বাজারে নতুন করে জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কাঁচা পণ্যের দাম দ্রুত বেড়ে যাবে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রবণতা শুরু হয়ে গেছে। সবমিলিয়ে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে।
কৃষিতে বাড়বে উৎপাদন ব্যয়, উৎপাদনেও প্রভাব পড়তে পারে: জ্বালানি তেলের; বিশেষ করে ডিজেলের মূল্যবৃদ্ধির বড় প্রভাব পড়বে কৃষি খাতে। কারণ সেচ, জমি প্রস্তুত ও কৃষিযন্ত্র ব্যবহারে ডিজেলের ব্যবহার বেশি। ফলে এসব যন্ত্র পরিচালনায় খরচ আগের চেয়ে অনেকখানি বাড়বে। টাঙ্গাইল ধনবাড়ির বওলা গ্রামের কৃষক মো. কামাল মিয়া বলেন, ‘এমনিতেই সার, সেচসহ নানা খরচের চাপে আছি। তার ওপর ন্যায্য দাম পাই না। এর মধ্যে ডিজেলের দাম বাড়ায় আমাদের কষ্ট আরও বাইড়া যাইব।’
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, দেশে সেচের জন্য ব্যবহৃত পাম্প বা নলকূপের অন্তত ৫০ শতাংশ ডিজেলচালিত। এ ছাড়া জমি প্রস্তুত, পাওয়ার টিলার, ট্র্যাক্টর, মারাই-ঝাড়াই যন্ত্র ও হারভেস্টারসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি ডিজেলে চলে। ফলে এসব যন্ত্রের পরিচালন ব্যয়ের পাশাপাশি গ্রামীণ পরিবহন খরচও বাড়বে। তিনি আরও বলেন, কৃষকরা এমনিতেই ন্যায্য দাম পান না। এর মধ্যে উৎপাদন ব্যয় আরও বাড়লে যে বাড়তি চাপ তৈরি হবে, তাতে কৃষিকাজে আগ্রহ কমতে পারে, কৃষি উৎপাদন ব্যাহত হওয়ারও ঝুঁকি রয়েছে। পাশাপাশি কেরোসিনের দাম বাড়ানোর প্রভাবও গ্রামীণ নিম্নআয়ের মানুষের ওপর পড়বে।
মূল্যস্ফীতি উসকে দেবে, বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে: দেশে সার্বিক মূল্যস্ফীতির হার সর্বশেষ আগস্টে কিছুটা কমলেও তা ৮ শতাংশের ওপর এবং খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশের ওপরে অবস্থান করছে। জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি ও পরোক্ষ প্রভাব মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে বলে মনে করেন ড. জাহাঙ্গীর আলম। তার মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শহর ও গ্রাম সর্বত্র পড়লেও গ্রামাঞ্চলে এর তীব্রতা বেশি অনুভূত হবে। কারণ কৃষি ও গ্রামীণ পরিবহন সরাসরি জ্বালানিনির্ভর। এর ফলে বহুমুখী প্রভাবে বাজারে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে এবং সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতিও বাড়তে পারে।
অর্থনীতিবিদ সেলিম রায়হানও মনে করেন, জ্বালানির মূল্যবৃদ্ধি এমন সময়ে এসেছে, যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার ফলে মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়া আরও কঠিন হতে পারে।
জ্বালানির মূল্যবৃদ্ধি বিনিয়োগের পরিবেশেও প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। তিনি বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় বাড়লে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত আরও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে আগে থেকেই সংকটে থাকা শিল্পকারখানাগুলো আরও রুগ্ন হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। শিল্প ও ব্যবসা খাতে নতুন করে চাপ তৈরি হলে খেলাপি ঋণ আরও বাড়তে পারে, যা ব্যাংকিং খাতের সংকটকে আরও গভীর করবে।
আন্তর্জাতিক বাজারে প্রভাবে বড় চাপে বিপিসি: আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার প্রভাবে বড় ধরনের আর্থিক চাপে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এর মধ্যে সবচেয়ে বেশি লোকসান হচ্ছে ডিজেলে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লোকসান সামাল দিতেই ডিজেল ও কেরোসিনের পাশাপাশি পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। জানা গেছে, অকটেন বিক্রিতে বিপিসির তেমন লোকসান নেই, তবে এবারের মূল্যবৃদ্ধিতে সে লোকসান কমিয়ে মুনাফা বৃদ্ধি করে ডিজেলের ঘাটতি সমন্বয়ের উদ্যোগের পথ তৈরি হলো।
বিপিসি সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি লিটার ডিজেল আমদানিতে সংস্থাটির খরচ হচ্ছে ২০৩ টাকা ৮৪ পয়সা। মূল্য সমন্বয়ের আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অর্থাৎ প্রতি লিটারে লোকসান ছিল প্রায় ৮৯ টাকা। তবে ডিজেলের বিপরীতে অকটেনে লোকসানের পরিমাণ কম। বর্তমানে অকটেন আমদানিতে বিপিসির খরচ পড়ছে ১৫১ টাকা ৬১ পয়সা। মূল্য সমন্বয়ের আগ পর্যন্ত প্রতি লিটার অকটেনে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৭ টাকা।
ছয় মাসে বিপিসির লোকসান প্রায় ২৩ হাজার কোটি টাকা: বিশ্ববাজারে তেলের দাম বাড়ার কারণে বিপিসির আমদানি ব্যয়ও কয়েকগুণ বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে যেখানে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছিল ৪ হাজার ১৯৫ কোটি টাকা, চলতি বছরের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৫ কোটি টাকায়। মে মাসে ব্যয় বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার ১৮২ কোটি টাকা। আগস্টে ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৬০৩ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে ছিল ২ হাজার ৭৪১ কোটি টাকা।
চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত মাত্র ছয় মাসে সংস্থাটির নিজস্ব তহবিল থেকে লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে এপ্রিলেই লোকসান ছিল ৭ হাজার ৮৬৬ কোটি টাকা এবং জুনে ৬ হাজার ১৯৮ কোটি টাকা। সেপ্টেম্বর মাসে এই লোকসান ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লোকসান সামাল দিতে গিয়ে বিপিসি এরই মধ্যে ব্যাংক ও বিভিন্ন প্রকল্পের তহবিল থেকে প্রায় ১৯ হাজার ৫০০ কোটি টাকা ব্যবহার করেছে। বর্তমানে তাদের ব্যাংক হিসাবে রয়েছে প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। অথচ দুই মাসের জ্বালানি আমদানির ব্যয় নির্বাহ করতে প্রয়োজন প্রায় ২০ হাজার কোটি টাকা।
এ পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে বিপিসি
মার্চ-আগস্ট সময়ের লোকসান সরকারি সহায়তা হিসেবে দেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং চলমান বৈশ্বিক অস্থিরতা না কমা পর্যন্ত শুল্ক-কর হ্রাস বা প্রত্যাহারের প্রস্তাবও দেয়। পরে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে বিপিসিকে ৪ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিপিসির কর্মকর্তারা বলছেন, মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে দীর্ঘ সময় মূল্য সমন্বয় করা হয়নি। ফলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে এবং সংস্থার আর্থিক চাপ দ্রুত বাড়তে থাকে। তাদের মতে, সাম্প্রতিক মূল্য সমন্বয় মূলত সেই চাপ কমানোর একটি প্রচেষ্টা।
অবশ্য বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল গত ১১ দিনের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার এবং ডব্লিউটিআই প্রতি লিটারে ২ দশমিক ১৫ ডলার কমেছে। গতকাল আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১০১ দশমিক ৭১ ডলারে এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ১৫ ডলারে।
প্রতিবেশী দেশগুলোর বাজার বিশ্লেষণেও দেখা যায়, বাংলাদেশে মূল্য সমন্বয়ের পরও ডিজেলের দাম অনেক দেশের তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। বর্তমানে কলকাতায় ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা, ভিয়েতনামে ১৩৭ টাকা, মালদ্বীপে ১৪০ টাকা ৭১ পয়সা, ফিলিপাইনে ১৬৮ টাকা ৫৩ পয়সা, পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪ টাকা ৭৯ পয়সা।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেইন বলেন, বৈশ্বিক পরিস্থিতির ফলে আমরা এখন যে চাপে রয়েছি, ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এ কষ্টটা আমাদের সবাইকে একসঙ্গে সামলাতে হবে। সরকার মূল্যবৃদ্ধি না করলে পুরো ভর্তুকিটা তাদের দিতে হতো, কারণ বিপিসি আর্থিক সংকটে আছে। তিনি আরও বলেন, তেলের দাম বাড়লে প্রথম অরাজকতাটা তৈরি হয় পরিবহন খাতে। সরকারকে এখানে পদক্ষেপ নিতে হবে। আসলে সামগ্রিকভাবে যে চাপটা বাড়বে, এটা এড়ানোর সুযোগ নেই। ফলে আমাদের এখন সাশ্রয়ী হতে হবে।

No comments