শিরোনাম

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’

চ্যানেল টেন ডেস্কঃ

চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইন প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী ইব্রাহিম খলিলের বাবা হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শেখ রহমত উল্লাহ। তিনি সম্পর্কে ইব্রাহিমের চাচাতো ভাই। পরিবারের অভিযোগ, যাওয়ার সময় মরিয়মের কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থও সঙ্গে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে রহমত উল্লাহ ও মরিয়মের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী, ইব্রাহিম খলিলের দুই মেয়ে—ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬)—সহ পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হন।

অভিযোগের বাদী ও মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। ওই সম্পর্কের জেরেই তারা একসঙ্গে চলে গেছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে পরিবারের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন হারুনুর রশিদ।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাদের সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হওয়ার পর ইব্রাহিমকে বিষয়টি জানানো হয়েছিল। এর মধ্যেই শনিবার রাতে তারা বাড়ি থেকে চলে যান বলে দাবি করেন তিনি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments