শিরোনাম

খাসির নামে ছাগী-ভেড়ার মাংস, বগুড়ায় দুই কাচ্চির দোকানে জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার স্টেশন রোড এলাকায় দুটি কাচ্চি ও বিরিয়ানি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ‘রয়েল কাচ্চি’ ও ‘ঢাকা কাচ্চি ডাইন’ নামের প্রতিষ্ঠান দুটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাসির কাচ্চি ও বিরিয়ানির কথা বলা হলেও ছাগী/ভেড়ার মাংস ব্যবহার এবং মূল্য তালিকায় তা উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে। এছাড়া অপরিশোধিত লবণ ব্যবহার এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘরে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ‘রয়েল কাচ্চি’কে ৫ হাজার টাকা এবং ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিপণনে সরকারি আইন ও বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও সহকারী পরিদর্শক মো. মেহেদি হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

No comments