উজানে পানি বৃদ্ধি, পদ্মার ভাঙনে বিলীন স্কুল-বসতি
উজানে গঙ্গার পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের প্রভাবে পদ্মার পানি বেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার নদীতীরবর্তী চর ও নিম্নাঞ্চলে বন্যাসহ নদীভাঙনে দুর্ভোগ তীব্র হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে নদীতে বিলীন হয়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শতাধিক বসতবাড়ি ও কয়েকটি মসজিদ। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নে প্রায় ৪০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাজশাহী ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গতকাল শনিবার বিকেল ৩টায় রাজশাহী নগরের বড়কুঠি পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩০ মিটার। সেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ২০ মিটার, এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় ১৭ দশমিক ১২ মিটার এবং বুধবার সন্ধ্যা ৬টায় ১৬ দশমিক ৯৫ মিটার। কয়েক দিনের ব্যবধানে পানি বেড়েছে প্রায় ৩৫ সেন্টিমিটার।
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর, আতারপাড়া ও চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয়গুলোর মালামাল সরানোর উদ্যোগ নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উপজেলার আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫ শিক্ষার্থী ও তিন শিক্ষক ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মালামাল সরানোর কাজ চলছিল। তবে ১০ সেপ্টেম্বর দুপুরে কাজ শেষ হওয়ার আগেই বিদ্যালয়টি পুরোপুরি নদীতে চলে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘চরের মধ্যে একদিন স্কুল ভালো দেখে গেলাম, পরদিন এসে দেখতে হয়েছে স্কুল নেই। মালামাল সরিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত বিদ্যালয়টিও বিলীন হয়ে গেল।’
চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, বিদ্যালয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এ কারণে পাঠদান বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয়টিতে ৯১ শিক্ষার্থী ও
তিন শিক্ষক রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। তাদের মধ্যে প্রায় এক হাজার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর, কালিদাসখালী, লক্ষ্মীনগর, দাদপুর, নিচ পলাশি, পলাশি ফতেপুর, আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুরে ভাঙন তীব্র হয়েছে।
উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রহমান বলেন, রাজশাহীর বাঘা উপজেলার আতারপাড়া, চৌমাদিয়া ও দিয়ারকাদিরপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। প্রায় ১০০ বাড়ি, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি মসজিদ নদীতে হারিয়ে গেছে। অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।
চৌমাদিয়া চরের বাসিন্দা সোলেমান মোল্লা বলেন, ‘পদ্মায় পানি ক্রমাগত বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনও বাড়ছে। গবাদিপশু নিয়ে চরের মানুষ খুব বিপাকে পড়েছেন। অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।’
রাজশাহীর পবা উপজেলার চর খিদিরপুরের ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত মিডিল চরে প্রায় এক সপ্তাহে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ বাড়ির উঠান ও ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও বসবাস প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাজশাহীর পবা উপজেলার চর খানপুর, মাঝারদিয়াড়, ১০ নম্বর চর ও চর আষাড়িয়াদহেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি ও গবাদিপশুর খাদ্য সংকটের পাশাপাশি সাপের উপদ্রবও বেড়েছে। অনেকে গরু-ছাগল, ধান, জ্বালানি ও প্রয়োজনীয় মালামাল নিয়ে নৌকায় শহরের ঘাটে যাচ্ছেন। রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার আলোর পাঠশালার মাঠও তলিয়ে গেছে।
রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর পানি বেড়ে চারঘাট স্লুইসগেটসংলগ্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপে স্লুইসগেটের এক পাশে সামান্য ভাঙন দেখা দিয়েছে। পাশেই একটি মন্দির থাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। রাজশাহীর চারঘাট উপজেলার আরাজি সাদিপুর ও মিয়াপুর হঠাৎপাড়া গ্রামের কয়েকটি রাস্তায় পানি ওঠে যানচলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুলশিক্ষার্থীরা। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নদীর পানি বৃদ্ধি ও স্লুইসগেট এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য চরাঞ্চলসহ তিনটি স্থানে চিকিৎসাশিবির পরিচালনা করা হচ্ছে। গবাদিপশুর জন্য ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র করা হয়েছে। দীর্ঘমেয়াদি সমাধানে প্রায় ১০ ফুট উঁচু দুটি বড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের কাছে পাঠানো হয়েছে।
জেলরা বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, নদীভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়েছে। আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানিবন্দি মানুষকে সহযোগিতার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, প্রতিদিন নিয়মিত পানি পরিমাপ করা হচ্ছে। পদ্মার পানি এখনো বিপৎসীমার নিচে থাকায় বন্যার ঝুঁকি কম। তবে প্রতি বছরের মতো কিছু স্থান প্লাবিত হয়েছে। তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। ঘরের চারপাশে পানি থাকায় অনেক পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ। ঘরে সাপ ঢোকার আতঙ্কে শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। পানিবন্দি থাকায় অনেক পরিবার বাজারে গিয়ে প্রয়োজনীয় খাবারও সংগ্রহ করতে পারছে না।
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, আগের দিনের তুলনায় পদ্মার পানি আরও বেড়েছে। ফলে নিমজ্জিত ফসলি জমির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় ৪৭০ হেক্টর জমি পানির নিচে রয়েছে। এতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
পানি ঢোকা ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। বিদ্যালয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শিক্ষার্থীদের উপস্থিতিও কমেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আনুষ্ঠানিক ছুটি ঘোষণা করা হয়নি।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, গত বুধবার সাড়ে ৩৫০ পরিবারের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হয়েছে। নতুন করে ত্রাণের বরাদ্দ পাওয়া গেছে। তা শিগগির বিতরণ করা হবে। তবে বরাদ্দের ১০ টন চাল ছাড় না হওয়ায় বিতরণ সম্ভব হয়নি।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি আরও ৭ সেন্টিমিটার বেড়েছে। সেখানে পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজশাহী ও কুষ্টিয়ার পানিবন্দি মানুষ দ্রুত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

No comments