শিরোনাম

পরকীয়া প্রেমিকের সঙ্গে থাকতে তিন সন্তানকে বিষ খাওয়ালেন নারী

চ্যানেল টেন ডেস্কঃ

ভারতের পাঞ্জাবে পরকীয়া প্রেমিকের সঙ্গে সম্পর্কের জেরে নিজের তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মিষ্টিজাতীয় খাবারের সঙ্গে আগাছানাশক মিশিয়ে সন্তানদের খাওয়ানো হয়েছিল।

বিষক্রিয়ায় গত ২৬ আগস্ট ওই নারীর ছয়, পাঁচ ও আড়াই বছর বয়সী তিন সন্তানের মৃত্যু হয়। প্রথমদিকে ঘটনাটিকে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং হিসেবে ধারণা করা হয়েছিল।

তবে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। তদন্তে উঠে আসে, শিশুদের মৃত্যুর পেছনে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের অভিযোগ রয়েছে। আর এ ঘটনায় তাদের মায়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে।

পুলিশের তদন্তে ওই নারীর পরকীয়া সম্পর্কের বিষয়টিও সামনে এসেছে বলে জানা গেছে। পুরো ঘটনা খতিয়ে দেখে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তিন সন্তানের মৃত্যুর পরপরই মামলা দায়ের করেন ওই শিশুদের বাবা। তিনি পেশায় একজন ট্রাকচালক। পুলিশের তদন্তে উঠে এসেছে, রক্ষাবন্ধনের সময় স্থানীয় বাজার থেকে আনা মিষ্টি খেয়েছিল ওই তিন শিশু।

পুলিশ কর্মকর্তা রাভজোত কর বলেন, ভুক্তভোগী শিশুদের মা লাভপ্রিত কর হারজিৎ সিং নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। তদন্তকারীদের ধারণা ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের দুজনের পরিচয় হয়।

তদন্তে নেমে যখন পুলিশ দেখতে পায়, একই দোকান থেকে কেনা মিষ্টি খেয়ে অন্য কারও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেনি, তখনই তাদের সন্দেহ ঘনীভূত হয়। পরবর্তীতে পুলিশ উদঘাটন করে, মিষ্টিতে আগাছানাশক বিষ মেশানো ছিল।

তদন্তে পাওয়া প্রমাণ সাপেক্ষে ২২ সেপ্টেম্বর ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।

No comments