শিরোনাম

বিএনপি মধ্যপন্থি দল, ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না

চ্যানেল টেন ডেস্কঃ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে মধ্যম পন্থার এবং ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় না। জিয়াউর রহমানের গড়া দল ধর্মহীনতা ও ধর্ম ব্যবসা দুটোর বিরুদ্ধে। ধর্ম আমার বিশ্বাসের জায়গা, ধর্ম আমার শ্রদ্ধার জায়গা, ধর্ম আমার ইহকাল-পরকালের জায়গা। কিন্তু সেই ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত আমরা ঘটাতে চাই না।

গতকাল বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এখানে অনেক মুসলিম আইনজীবী আছেন, হিন্দু আইনজীবী আছেন ও খ্রিষ্টান আইনজীবী আছেন। কিন্তু যখন আপনি আদালতের সামনে দাঁড়ান, তখন আপনার পরিচয় মুসলিম, খ্রিষ্টান বা হিন্দু নয়। তখন আপনি কালো কোট পরা একজন আইনজীবী।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির, মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান।

মানবপাচার সবচেয়ে অমানবিক কাজ: আরেক সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, মানবপাচার হলো সবচেয়ে গুরুতর, অমানবিক এবং নিষ্ঠুর কাজগুলোর একটি। এ প্রক্রিয়ায় অপরাধী ও মাফিয়ারা অর্থ আদায় করে। তারা দেশের জীবনের বিনিময়ে প্রচুর অর্থ উপার্জন করে। সরকার এ পরিস্থিতি পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, ইউএনও, ডিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

No comments