শিরোনাম

বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ

চ্যানেল টেন ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হতে যাচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগে গত এক বছরে ডাকসুর কার্যক্রম ও অর্জন নিয়ে মূল্যায়ন শুরু হয়েছে। ডাকসু নেতাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে মাত্র ৩৫ লাখ টাকা বরাদ্দ পেলেও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্পন্সর সংগ্রহ করে তারা প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার কাজ করেছেন।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ও এসএম ফরহাদের নেতৃত্বাধীন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায়। নির্বাচনের পর ১৪ সেপ্টেম্বর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন।

ডাকসুর তথ্য অনুযায়ী, গত এক বছরে আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, প্রযুক্তি ও ক্যারিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় এক হাজার ছোট-বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসিক হলের রিডিংরুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিভিন্ন হলে কম্পিউটার ল্যাব স্থাপন, কেন্দ্রীয় মসজিদে এসি, ছাত্রীদের জন্য জিমনেশিয়াম, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরির মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাকসুর দাবি, অবকাঠামো ও আবাসন খাতে তাদের বড় উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পাঁচটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি আদায় এবং চীনা সহযোগিতায় ১ হাজার ৫০০ ছাত্রী ধারণক্ষমতার নতুন একটি হল নির্মাণের উদ্যোগ। ছয়টি হলের জন্য প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প আনার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক হলে এসি স্থাপনে প্রায় ৬ কোটি টাকার কাজ চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উন্নয়নে প্রায় ৩ কোটি টাকা, কেন্দ্রীয় মসজিদ সংস্কারে ৩ কোটি টাকা এবং প্রত্নতাত্ত্বিক মুসা খাঁ মসজিদ সংস্কারে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রীদের জিমনেশিয়ামের উন্নয়নে প্রায় ৬৫ লাখ টাকা এবং আবাসিক হলগুলোতে কম্পিউটার ও অন্যান্য ল্যাব স্থাপনে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছে ডাকসু।

পরিবহন খাতেও প্রায় সাড়ে ৪ কোটি টাকার কাজ করা হয়েছে বলে ডাকসুর দাবি। এর মধ্যে নতুন কয়েকটি রুটে বাস চালু এবং কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস চালুর উদ্যোগ রয়েছে।

স্বাস্থ্য খাতে মেডিকেল সেন্টারের অবকাঠামো সংস্কারে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) সহযোগিতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্স, এক্স-রে ও ইসিজি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম ও সংস্কারকাজ করা হয়েছে।

এ ছাড়া প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ফার্স্ট এইড বুটক্যাম্প ও কয়েকটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন বলে ডাকসুর দাবি। একই সঙ্গে আবাসিক হলগুলোতে ১৮ বার ছারপোকা নিধনে ওষুধ প্রয়োগ এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ২৭০-এর বেশি শিক্ষার্থীকে নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে ডাকসু।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে বিভিন্ন কোর্সে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। জব ফেয়ারের মাধ্যমে চীনের ৩১টির বেশি প্রতিষ্ঠানে প্রায় ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে ডাকসু। গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সাতটি প্রসিদ্ধ জার্নালে শিক্ষার্থীদের বিনামূল্যে অ্যাক্সেসের ব্যবস্থাও করা হয়েছে।

বিভিন্ন সেমিনার, সামিট ও সাংস্কৃতিক আয়োজনেও ডাকসুর সম্পাদকরা প্রায় এক কোটি টাকা ব্যয় করেছেন বলে জানানো হয়েছে।

নারী শিক্ষার্থীদের জন্যও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কলাভবনে ব্রেস্টফিডিং কর্নার, মেয়েদের কমনরুমে এসি, সেন্ট্রাল লাইব্রেরি সংস্কার, প্রায় এক হাজার নারী শিক্ষার্থীকে হিজাব উপহার এবং ছাত্রী হলগুলোতে বিনামূল্যে ১০ হাজারের বেশি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটির বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে ডাকসু জানিয়েছে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রথমে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে আরও ১০ লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে বরাদ্দ ছিল ৩৫ লাখ টাকা। তবে স্পন্সর সংগ্রহের মাধ্যমে এর তুলনায় বহুগুণ বেশি কাজ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা যে বাজেট পেয়েছি, সেই বাজেটের চাইতে ১০০ গুণ বেশি কাজ করেছি। আমাদেরকে বাজেট দেওয়া হয়েছিল ২৫ লাখ টাকা, পরবর্তীতে একদম সর্বশেষ পর্যায়ে এসে আরও ১০ লাখ টাকা দিয়েছে। কিন্তু আমরা ইতোমধ্যে হিসাব করলাম—প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার কাজ আমরা করেছি। এটা আরও বাড়বে। এটি হয়েছে শুধুমাত্র স্পন্সর ম্যানেজ করে।’

সাদিক কায়েম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৮-৪৯ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন হয়েছে। চীন সরকার নারী শিক্ষার্থীদের জন্য একটি হল তৈরি করে দিচ্ছে, সেটি নিয়েও তারা কাজ করছেন।

সর্বশেষ হেলথ ফেস্টের প্রসঙ্গে তিনি বলেন, এর আর্থিক মূল্য প্রায় এক কোটি টাকার বেশি। চিকিৎসকেরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশ নিয়েছেন। পরবর্তী সময়ে ডাকসুর মাধ্যমে যোগাযোগ করলে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও ওষুধসংক্রান্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও চিকিৎসকেরা দিয়েছেন বলে জানান তিনি।

তবে ডাকসুর ভিপি মনে করেন, তাদের করা অনেক কাজ মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, ‘এই কাজগুলো বিশ্ববিদ্যালয়ের ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছিল, এটা রাষ্ট্রের ছিল এবং আমাদের এখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামে একটা করপোরেশন আছে, তাদের ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় লুটপাট ছাড়া আর কিছু নাই। তাদের এই রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের ভাবনা নাই।’

মেয়াদ শেষ হওয়ার দিন প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরো বছরের কাজের হিসাব তুলে ধরা হবে বলেও জানান সাদিক কায়েম। সেখানে ডাকসুর ইশতেহারের কতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে এবং ইশতেহারের বাইরে কী কী কাজ করা হয়েছে, তারও বিস্তারিত তুলে ধরার কথা জানান তিনি।

তবে ডাকসুর কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ঢাবির শিক্ষার্থী ইফতেখার হাসান তানভীরের মতে, বর্তমান ডাকসু এখন পর্যন্ত বেশ সফলভাবেই দায়িত্ব পালন করছে। কেন্দ্রীয় মসজিদ সংস্কার, দ্রুত সময়ে হলের সিট প্রদান, মেডিকেল সেন্টারের জরুরি বিভাগ নিচতলায় স্থানান্তরের উদ্যোগ এবং ছাত্রীদের জন্য জিমনেশিয়ামের ব্যবস্থা প্রশংসনীয় বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ছয়টি হলের জন্য প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প আনা একটি বড় উদ্যোগ। তবে হলের খাবার, আবাসন ও পরিবহনসহ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। চলমান কাজগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ডাকসুর প্রতি শিক্ষার্থীদের আস্থা আরও বাড়বে।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) শিক্ষার্থীদের মধ্যে ডাকসুর কার্যক্রম নিয়ে তুলনামূলক অসন্তোষ রয়েছে। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নায়েম ইসলাম সিয়াম বলেন, এফবিএসে ডাকসুর তেমন কোনো কার্যক্রম তার চোখে পড়েনি।

তার অভিযোগ, ই-লাইব্রেরি সংস্কার করে চালু করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। লিফট মেরামতের বিষয়টিও সমাধান হয়নি। পাশাপাশি পর্যাপ্ত জব ফেয়ার, বিজনেস কেস স্টাডি, বিজনেস কম্পিটিশন ও সেমিনারের আয়োজন করা হয়নি। ক্লাসরুম সংকট সমাধানের বিষয়টিও এখনো বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি।

সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও ডাকসুর কার্যক্রম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাদের অভিযোগ, আগে এ বিভাগের জন্য নির্দিষ্ট কোনো বাস ছিল না। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি বাসের ব্যবস্থা করা হলেও বর্তমানে অধিকাংশ সময় তারা ওই বাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ছাত্রীদের কমনরুমের বিষয়টিও ডাকসুর ইশতেহারে ছিল। কিন্তু গত তিন থেকে চার মাস ধরে সেটি বন্ধ রয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। কমনরুমের ওয়াশরুমও ব্যবহার অনুপযোগী বলে অভিযোগ করেছেন তারা। একই সঙ্গে সমাজকল্যাণ বিভাগের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে।

ডাকসুর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের অভিযোগ, ছাত্র সংসদের কয়েকজন নেতা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত নন বলে অবস্থান নিলেও পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

কলা অনুষদের শিক্ষার্থী মিরাজ মজুমদার বলেন, ডাকসু প্যানেল দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে কি না, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা রয়েছে। ১৯৭১ সালের বিভিন্ন ইস্যু নিয়ে বিতর্কিত বয়ান তৈরির মতো বিষয়গুলোও শিক্ষার্থীদের একটি অংশ ভালোভাবে নেয়নি বলে জানান তিনি।

ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, অতীতে বিভিন্ন ডাকসুতে রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রবণতা ছিল। নেতারা কে কাকে সুবিধা দেবেন বা কাকে কোণঠাসা করবেন—এ ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা ছিল। তবে বর্তমান ডাকসুতে বিভিন্ন মত ও সংগঠনের প্রতিনিধিত্ব রয়েছে।

তিনি বলেন, তাদের প্যানেলে বাম, সাধারণ ও স্বতন্ত্র প্যানেল থেকেও প্রতিনিধি এসেছে। বিভিন্ন হলে ছাত্রশক্তি, ছাত্রশিবির ও ছাত্রদলের প্রতিনিধিরাও নির্বাচিত হয়েছেন। তারা ডাকসুকে কোনো দলের কার্যালয়ে পরিণত হতে দেননি; বরং শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ছাত্র সংসদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন।

আগামী ১৪ সেপ্টেম্বর বর্তমান ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে পুরো বছরের আয়-ব্যয়, বাস্তবায়িত প্রকল্প এবং ইশতেহারের অগ্রগতি প্রকাশের কথা রয়েছে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

No comments