শিরোনাম

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলির গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি এবং শিক্ষকতার নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন মামুন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি শুরু করেন।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার পর বিভিন্ন এলাকায় তার ভক্ত তৈরি হয়। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর বিভিন্ন এলাকায় নানা বয়সি নারী-পুরুষকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন বলে জানা গেছে।

কুমারখালী থানার (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের ঘটনায় মামুনের সক্রিয় ভূমিকা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগের বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

No comments