শিরোনাম

ইতালি পাঠাতে গিয়ে নিঃস্ব হচ্ছে মাদারীপুরের অনেক পরিবার

চ্যানেল টেন ডেস্কঃ

সন্তানকে ইতালি পাঠাতে গিয়ে ফসলি জমি, ভিটে-বাড়ি হারিয়ে একেবারে নিঃস্ব হচ্ছে মাদারীপুরের অনেক পরিবার। জেলার প্রান্তিক পর্যায়ে অসংখ্য তরুণ ইতালি যাওয়ার জন্য দালাল চক্রের খপ্পরে পড়ে বন্দি রয়েছেন লিবিয়ায়।

এসব তরুণের বাবা-মা সন্তানকে বাঁচাতে বিক্রি করে দিচ্ছেন ফসলি জমি, উপায় না পেয়ে বিক্রি করতে হচ্ছে থাকার আশ্রয় বাড়িটুকুও। সহায়-সম্পদ বিক্রি, আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা, এনজিও থেকে ঋণ তুলে মোটা অংকের টাকা তুলে দিচ্ছেন দালালের হাতে।

কখনও সন্তান পৌঁছাতে পারছেন ইতালি, আবার কখনও মাফিয়ার বন্দিদশা থেকে মিলছে মুক্তি, ফিরছেন বাড়িতে আবার কারও কোনো খোঁজও মিলছে না আর। 

মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়ন ঘুরে বেশ কয়েকটি পরিবারের এমন খবর জানা গেছে।

তবে এসব পরিবারের বেশির ভাগই তথ্য দিতে অপারগতা প্রকাশ করছেন!

উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা এলাকা ঘুরে লিবিয়ায় মাফিয়াদের হাতে বন্দি এবং নিখোঁজ তরুণদের বেশ কয়েকটি পরিবারের সন্ধান পাওয়া গেছে। যারা নিজেদের সহায়-সম্বল বিক্রি করে সন্তানদের মুক্তির জন্য টাকা পাঠাচ্ছেন দালালের মাধ্যমে সুদূর লিবিয়াতে।

এসব পরিবারের সন্তানদের নির্যাতনের চিত্র ভিডিও কলে দেখিয়ে টাকা আদায় করছে চক্রটি। মাফিয়াদের হাত থেকে বাঁচাতে ফসলি জমি ছাড়াও নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন ভিটে-বাড়িও। সন্তানের নিরাপত্তার জন্য গণমাধ্যমে নিজেদের নাম প্রকাশ করতে চায়নি এসব পরিবার। লাখ লাখ টাকা দিয়েও অনিশ্চয়তায় থাকা এসব পরিবার তথ্য দিতেও অপারগতা প্রকাশ করছেন। রাখছেন গোপনও। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখ দালালের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন নিলখীর বাগমারা এলাকার নসিমনচালক কাবুল মাতুব্বরের ছেলে জাকির হোসেন (১৯)। বাংলাদেশ থেকে সৌদি আরব, মিশর ঘুরিয়ে প্রায় দু মাস পর লিবিয়া পৌঁছান জাকির। সেখানে নয় মাস অবস্থানের পর গত ৮ আগস্ট শনিবার ‘গেম’ দেয় দালালচক্র। 

শনিবার মধ্যরাতে ট্রলারে করে রওনা হওয়ার আগে সকালে দালালকে আরও দুই লাখ টাকা দেন জাকিরের বাবা। ট্রলারে ওঠার আগে বাড়িতে ভয়েস ম্যাসেজ পাঠান জাকির হোসেন। মায়ের সঙ্গে ‘ইতালি গিয়ে কথা হবে’- এটা ছিল তার শেষ কথা। কিন্তু ইতালি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ট্রলারটি ডুবে যায় সাগরে। এতে ২৯ জন নিখোঁজ হন। তাদের মধ্যে জাকির হোসেন একজন। নিখোঁজ হওয়ার এক মাসেরও বেশি সময় পার হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এদিকে দালালকে দেওয়া ২৪ লাখ ৫০ হাজার টাকা ফেরত পেতে বর্তমানে চলছে দেন-দরবার। যদি টাকা ফেরত না পান- এমন আশঙ্কায় পুরো ঘটনাটি চেপে যাচ্ছে নিখোঁজ জাকিরের পরিবার।

জাকির হোসেনের বাবা কাবুল মাতুব্বর বলেন, ধার-দেনা করে ছেলেকে পাঠিয়েছিলাম। নৌকা ডুবিতে ছেলে নিখোঁজ রয়েছে। দালাল বলতেছে, খোঁজাখুঁজি চলছে। এদিকে যাকে টাকা দিছি, সেই টাকা ফেরত আনার চেষ্টা করতেছি। ১৫ লাখ টাকা ফেরত দিতে চাইছে। দুই লাখ টাকা দিছে। যেহেতু টাকা দেবে, তাই আমরা কোনো অভিযোগ করতে চাই না।

একই গ্রামের সাহিল বেপারী (২০)। ২০২৪ সালের আগস্টের পর ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়েন। লিবিয়ায় পৌঁছানোর ১০ মাস পর মাফিয়ার হাতে আটক হন তিনি। 

তবে তার পরিবারের দাবি, স্থানীয় দালালই মূলত মাফিয়া। এটা তাদেরই কারসাজি। ইতালি পাঠানোর সময় সাহিলের পরিবার ১৮ লাখ টাকার চুক্তি করেছিল দালালের সঙ্গে। মাফিয়ার হাতে আটক করার পর ছাড়াতে ২৩ লাখ টাকা দিতে হয়েছে। সেখান থেকে বর্তমানে পরিচিত এক দালালের তত্ত্বাবধানে রয়েছেন সাহিল। তবে পরের দালালকে দিতে হয়েছে আরও ১৮ লাখ। সব মিলিয়ে ৫৯ লাখ টাকা ব্যয় হয়েছে সাহিলের পেছনে। তবে এখনও স্বপ্ন ইতালি পৌঁছানোর! ফের গেমের (যাত্রার আগে যেখানে রাখা হয় সেটাকে দালাল চক্র বলে গেমঘর) জন্য অপেক্ষা। সে সময়ও দিতে হবে আরও টাকা।

সাহিল বেপারীর বড় ভাই ইয়াসিন বলেন, লিবিয়ায় আটক করার পর মাফিয়ারা মারধর করতো। আমাদের ভিডিও কলে রেখে মারধর করতো। বাধ্য হয়েই ভাইকে বাঁচাতে টাকা দিয়েছি।

তিনি আরও বলেন, আসলে দালালই মাফিয়া। এরা একই চক্র। লিবিয়া নিতে পারলেই নানা উপায়ে টাকা আদায় করবে। আসলে আমাদের কিছুই করার থাকে না। মামলা করেও তো কোনো লাভ হয় না। কারণ, আমাদের স্বজন তো ওদের হাতে। ওরা যেভাবে বলে সেভাবেই চলতে হয় বাধ্য হয়ে।

এর পাশের বাড়ির আরেক যুবক ১৪ মাস আগে লিবিয়ায় পৌঁছান। দালালের সঙ্গে কথা ছিল লিবিয়া পৌঁছানোর পরেই ‘গেম’ (ট্রলারে তুলে) দেবে। পৌঁছে যাবে ইতালিত। অথচ লিবিয়ায় পৌঁছানোর পাঁচ মাস পরই আটক হন মাফিয়াদের হাতে। এখনও বন্দি সেখানে। ওই তরুণকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনতে স্থানীয় দালালের সঙ্গে দেন-দরবার চলছে। পরিবারের আশা, সন্তানকে বাড়ি ফিরিয়ে আনতে পারবে। এজন্য জায়গা জমি এবং একমাত্র থাকার ঘরসহ পুরো বাড়িই বিক্রি করতে হয়েছে তাদের। যার কাছে বিক্রি করেছেন, তার কাছ থেকে তিন বছর থাকার অনুমতি নিয়ে নিজ বাড়িতেই এখন আশ্রিত পরিবারের মতো বাস করছেন তারা!

নাম প্রকাশে অনিচ্ছুক এ পরিবারের বড় মেয়ে বলেন, আমরা বিষয়টা নিয়ে কাউকে জানাতে চাচ্ছি না। দালালের সঙ্গে কথা চলতেছে। আশা করি, ভাইকে ফিরিয়ে আনতে পারবো। জায়গা-জমি, ঘর-বাড়ি বিক্রি করে দিতে হয়েছে।

তিনি আরও বলেন, মিডিয়াকে জানালে ভাইয়ের ক্ষতি হতে পারে। এজন্য পুরো বিষয়টা গোপন রাখতে হচ্ছে।

মাদারীপুর জেলার শিবচরে গত পাঁচ মাসে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নিহত ও নিখোঁজের সংখ্যা ডজন ছাড়িয়ে গেছে। বন্দি রয়েছেন কমপক্ষে শতাধিক যুবক। তবে সন্তান নিখোঁজ হলে বা মারা গেলেও সহজে তা প্রকাশ করতে চায় না পরিবার। বন্দি থাকলেও তার খবর খুবই কম প্রকাশ পাচ্ছে। 

এদিকে গত দুই মাস ধরে লিবিয়াতে নিখোঁজ রয়েছেন মাদারীপুর সদর উপজেলার ঘটকচর দত্তের হাট এলাকার সাইদুল ইসলাম (৩২)। ৩৯ লাখ টাকা খরচ হলেও সন্তানের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। বাড়ির জায়গা-জমি সব বিক্রি করে এখন প্রায় নিঃস্ব এ পরিবারটি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সাইদুল নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার আদালতে মামলা করেছে বলে জানতে পেরেছি। আদালতের নির্দেশনা থানায় পৌঁছালে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এরপর জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আগে যখনই জানতে পেরেছি, নিখোঁজ ও নিহতদের পরিবারের খোঁজ খবর আমরা নিয়েছি।

No comments