শিরোনাম

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার প্রস্তুতি, আটক ১৫ জন রিমান্ডে

চ্যানেল টেন ডেস্কঃ

বরগুনার সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের ঢাকার বাড়ি থেকে নিষিদ্ধা ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারে করেছে পুলিশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও নাশকতার প্রস্তুতি কালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার এসআই ইকবাল হোসেন আসামিদের সাত দিনের জন্য রিমান্ডে চেয়ে আবেদন করেন। পরবর্তীতে উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আসামিদের মধ্যে ১৪ জনকে তিন দিনের এবং একজনকে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়াকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বাকি আসামি ফারজানাকে পাঠানো হয়েছে এক দিনের রিমান্ডে।

তাদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের বাসায় জড়ো হয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করছিলেন।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করলেও অজ্ঞাতনামা ২০-২২ জন পালিয়ে গিয়েছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

ওই বাড়িতে তল্লাশি করে স্বেচ্ছাসেবক লীগের বরগুনা জেলার পাথরকাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন কমিটির পদপ্রার্থী ২০ জনের নাম ও জীবন বৃত্তান্ত লেখা ২০টি পাতা জব্দের কথাও বলা হয় এজাহারে। এতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সদস্য বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন।

শওকত হাচানুর রহমান বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে অভ্যুত্থানের পর থেকে তিনি নিরুদ্দেশ।

গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনার জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ রয়েছে।

No comments