বগুড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক
বগুড়ারধুনটে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বেদেনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চান্দিয়ার গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেদেনা খাতুন নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চান্দিয়ার গ্রামের কয়েকজন হতদরিদ্র নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা দাবি করছিলেন। এ সময় কয়েকজনের কাছ থেকে তিনি এক হাজার টাকা করে নেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, টাকা দিলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে এবং কার্ডধারীরা প্রতি মাসে সরকারি আর্থিক সহায়তা পাবেন বলে তিনি তাদের জানান। এ সময় বিভিন্ন ধরনের সরকারি ফরম দেখিয়ে তিনি স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
এ ছাড়া দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করছিলেন তিনি। তার আচরণে এক নারীর সন্দেহ হলে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বেদেনা খাতুনকে আটক করেন।
খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ওই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে কারও লিখিত অভিযোগ না পাওয়ায় তাকে ৫১ ধারায় কারাগারে পাঠানো হয়েছে।

No comments