ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ৭ নেতাকর্মী গ্রেপ্তার
সখীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত রোববার ও সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন- উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর এখলাস হায়াত সরোয়ার, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু, যুবলীগ নেতা আবদুর রাজ্জাক, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের ছেলে নিয়ামুল হক, যুবলীগ নেতা আতিক হাসান ও সোহাগ সিকদার।
জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাড়িয়াপুর এলাকায় সখীপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটির ভিডিও সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর পর রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার রাতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত অভিযানে বৈষম্যবিরোধী মামলার অজ্ঞাতনামা সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
তবে রোববার বিকেলে ছাত্রলীগের বের করা ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং পরবর্তী সময়ে পুলিশের গ্রেপ্তার অভিযানের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আলাদাভাবে কিছু জানায়নি।

No comments