সারারাত সংসদের বাথরুমে আটকে রইলেন বেলজিয়ান এমপি
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফ্লেমিশ পার্লামেন্টের একটি বাথরুমে প্রায় ১৩ ঘণ্টা আটকে ছিলেন এমপি ফ্রেডেরিক এরেন্স। ডানপন্থী রাজনৈতিক দল ভ্লামস বেলাং-এর এই সদস্যকে পরে সকালে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বেলজিয়ামের সংবাদমাধ্যম দ্য ব্রাসেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাথরুমের দরজার লকটি অকেজো হয়ে যাওয়ায় ফ্রেডেরিক এরেন্স ভেতরে আটকা পড়েন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ত্রুটিপূর্ণ লকটি ভেঙে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৫৮ বছর বয়সী এই এমপিকে ব্রাসেলসের সেন্ট-জিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট এলাকা থেকে ফ্লেমিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন ফ্রেডেরিক এরেন্স। বর্তমানে ‘গতিশীলতা ও গণপূর্ত’ এবং ‘পররাষ্ট্রনীতি’ বিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি কিরবারগেনের একজন পৌর কাউন্সিলর হিসেবেও কাজ করছেন এরেন্স।

No comments