ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এমন ঘোষণাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় সরকার উদ্বিগ্ন নয়। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া ঘোষণাকেও সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানান তিনি।
আদালতের নিষেধাজ্ঞার পরও আওয়ামী লীগ ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয়। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ড প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেছে। রামিসা হত্যাকাণ্ডের মামলার মতো অপ্রতিম হত্যা মামলাতেও দ্রুত অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments