কে এই আবু? পুলিশের সোর্স পরিচয়ে আবুর বিরুদ্ধে নানা অভিযোগ!
বগুড়া মহানগরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা আবু ওরফে আবু জিহাদের বিরুদ্ধে পুলিশের সোর্স পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, আবু বগুড়া সদর থানা ও সদর ফাঁড়ির কিছু পুলিশ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন। পুলিশের সোর্স হিসেবে কাজ করার পাশাপাশি পকেটমার ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের কাছ থেকে মাসিক মাসোহারা সংগ্রহ করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আরও অভিযোগ রয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সোর্স হিসেবে আবুর নাম ব্যবহার করা হলেও উদ্ধার করা মাদকের একটি অংশ পরবর্তীতে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করে দেওয়ার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে কেউ নাম প্রকাশ করতে ইচ্ছুক হননি।
স্থানীয়দের দাবি, পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে উত্তর চেলোপাড়ার কেউ আটক হলে অর্থের বিনিময়ে তদবির করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন আবু। এমনকি অনেক ক্ষেত্রে তিনি আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনতেও সক্ষম হন বলেও জানা গিয়েছে।
সম্প্রতি উত্তর চেলোপাড়া এলাকার কথিত সুদ ব্যবসায়ী ‘হাত কাটা সিজার’-এর সঙ্গে আবুও আটক হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে পুলিশের সঙ্গে তার সম্পর্ক থাকায় তাকে ১৫৪ ধারায় আদালতে পাঠানো হয় এবং পরবর্তীতে তিনি ছাড়া পান।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের সোর্স হিসেবে পরিচয় ব্যবহার করে আবু একদিকে যেমন অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অন্যদিকে মাদক কারবারিদেরও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে আবুর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং পুলিশের কোনো সদস্য তার সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত কি না তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

No comments