শিরোনাম

গাবতলীতে জমি দখল চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে প্রায় ৫ শতাংশ সম্পত্তির মালিকানা ও বসতবাড়ির দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ি দখলে রাখার চেষ্টা, ভাড়া না দেওয়া, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ শিরিন আক্তার নামের এক নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিরিন আক্তার জানান, তিনি ২০০৮ সালে গাবতলী উপজেলার সোনাদাবাড়ী গ্রামের মৃত হালিমুদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে প্রায় ৫ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। পরে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জমি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও তার নামে রয়েছে।

অভিযোগে তিনি বলেন, পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছ থেকে টাকা দাবি করতে থাকেন। একপর্যায়ে তাদের ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তার অভিযোগ, মো. জিন্না ফকির (৬০), মো. আল আমিন (২৬) ও মো. রেজাউল ফকির (৩০) তার বসতবাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করলেও পরবর্তীতে বাড়ি ভাড়া দেওয়া বন্ধ করে দেন।

শিরিন আক্তারের দাবি, ২০২৪ সাল থেকে ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেন অভিযুক্তরা। এরপর তিনি তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা উল্টো বসতবাড়ির ওপর নিজেদের মালিকানা ও দখলের দাবি করেন।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে শিরিন আক্তার তার বসতবাড়িতে গিয়ে প্রতিপক্ষকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে তারা পুনরায় বাড়ির দখল নিজেদের বলে দাবি করেন এবং তার সঙ্গে খারাপ আচরণ, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি তাকে বাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া এবং বিভিন্নভাবে হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে শিরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ছাড়া যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সম্পত্তি ও বসতবাড়ি নিয়ে চলমান বিরোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও সম্পত্তির প্রকৃত মালিকানা নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

No comments