শিরোনাম

অস্ট্রেলিয়া-সিঙ্গাপুর নয়, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চ্যানেল টেন ডেস্কঃ

কানাডা, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরের মতো ঢাকা বানানোর প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মতভাবে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার-এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এমন একটি ঢাকা গড়ে তুলতে চান, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে, জলাবদ্ধতা থাকবে না, খালগুলো সচল থাকবে এবং নগরবাসীর হাঁটার জায়গা থাকবে।

মীর শাহে আলম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৯টি ও ২৬টি খাল পরিষ্কার ও সচল করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী খালের দুই পাশে রিটেইনিং ওয়াল, বৃক্ষরোপণ ও হাঁটার ব্যবস্থা করা হবে।

একই সঙ্গে ঢাকার চারপাশের পাঁচটি নদীকে আগের অবস্থায় ফিরিয়ে এনে নৌযান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চারটি খালের কাজ পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, কাজের অগ্রগতি দেখার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিতেই এই পরিদর্শন।

শুষ্ক মৌসুমের মধ্যেই খালগুলোর কাজ উল্লেখযোগ্য পর্যায়ে শেষ করে সেগুলো জলাবদ্ধতা নিরসন ও মানুষের ব্যবহারের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়েছে।

খালের ওপর থাকা বাঁশের সেতু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অল্পদিনের মধ্যেই সেটি আরসিসি সেতুতে রূপান্তর করা হবে।

তবে অবৈধভাবে নির্মিত কোনো সেতুকে আরসিসি করা হবে না। যারা খাল দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন, এ বছর তাদের দখল উচ্ছেদ করা হবে।

খাল পুনরুদ্ধার প্রকল্পের অগ্রগতি নিয়ে মীর শাহে আলম বলেন, আগের সরকারের সময়ে খাল পুনরুদ্ধারের জন্য যে কমিটি করা হয়েছিল, তার কার্যক্রমে কোনো অগ্রগতি হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় নতুন করে দুটি কমিটি করা হয়েছে।

তিনি বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য বিভিন্ন জায়গা লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এসব সরকারি সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে খাল পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি ১৭ থেকে ১৮ শতাংশ। শুষ্ক মৌসুমে জোরেশোরে কাজ করে এই অগ্রগতি আরও বাড়ানো হবে।

খাল দখল ঠেকাতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন সারা বছর খালগুলোর তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবে। নগরবাসীর কল্যাণে প্রয়োজনীয় সব কার্যক্রম চালু রাখা হবে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতেও নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। মীর শাহে আলম বলেন, শুধু সরকারের একার পক্ষে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা মানুষের ভোট পাবেন কি না, সেটি বিবেচনা না করে জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে দিনরাত কাজ করছেন।

সরকারের কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণই সরকারকে দায়িত্ব দিয়েছে। কোথাও সরকারের ব্যর্থতা থাকলে জনগণের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হবে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও মোটামুটি সমাধানের দিকে রয়েছে উল্লেখ করে তিনি সরকারকে আরও কিছু সময় দেওয়ার আহ্বান জানান।

জিরানী খাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

No comments